চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধকোটি টাকার অবৈধ সিগারেট ও আইফোন উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ৫১ লাখ টাকা মূল্যের ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট এবং ১৩টি আইফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা ১৪ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে আসা যাত্রীদের তল্লাশিকালে এসব পণ্য উদ্ধার করা হয়।

অভিযানে তিন যাত্রীর কাছ থেকে এবং পরিত্যক্ত অবস্থায় মোট ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট এবং ১৩টি আইফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা সিগারেটের মধ্যে প্লাটিনাম, মন্ড ও ESSE Light ব্র্যান্ডের সিগারেট রয়েছে। উদ্ধারকৃত পণ্যগুলোর বাজারমূল্য প্রায় ৫১ লাখ ৪ হাজার টাকা।

এ ঘটনায় জড়িত তিন যাত্রী হলেন—মঈনুল আবদীন, আব্দুল মান্নান ও নুরুল আলম রিয়াদ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত হওয়ায় বিদেশি সিগারেট এবং ব্যাগেজ সুবিধার অতিরিক্ত হওয়ায় মোবাইল ফোনগুলো ডিএমমূলে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত পণ্য বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএস/ডিজে

ksrm