চট্টগ্রাম বন্দর থেকে সরানো হলো ৪ শ্রমিকনেতাকে

ইজারার প্রতিবাদে সকালে ধর্মঘট, বিকেলে বদলি

বিদেশি কোম্পানির হাতে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার প্রতিবাদে সকালে ধর্মঘট করা চার কর্মচারীকে বিকেলে বদলি করা হয়েছে। এই চার শ্রমিকনেতার নতুন কর্মস্থল ঢাকার কেরাণীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনালে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে আদেশে বলা হয়েছে, জরুরি দাপ্তরিক ও অপারেশনাল প্রয়োজনে তাদের বদলি করা হয়েছে এবং আগামী রোববার দুপুর ১২টার আগেই বদলি করা কর্মস্থলে যোগ দিতে হবে।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা চট্টগ্রাম বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখেন শ্রমিক–কর্মচারীরা। বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকে পালিত এই কর্মসূচির ফলে দেশের প্রধান সমুদ্রবন্দর কার্যত অচল হয়ে পড়ে, যার সরাসরি প্রভাব পড়ে আমদানি–রপ্তানি কার্যক্রমে।

কর্মবিরতির পরপরই বন্দর কর্তৃপক্ষের জারি করা আদেশে যাদের বদলি করা হয়। তারা হলেন— অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন বিভাগের অডিট সহকারী মো. হুমায়ুন কবির, নৌ বিভাগের ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকন, অর্থ ও হিসাব বিভাগের উচ্চ হিসাব সহকারী মো. আনোয়ারুল আজিম এবং প্রকৌশল বিভাগের এসএস খালাসি মো. ফরিদুর রহমান।

এদের মধ্যে হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক এবং অপর দুজন সংগঠনের শীর্ষস্থানীয় নেতা।

হুমায়ুন কবির জানান, আন্দোলন করায় আমাদের বিরুদ্ধে এই বদলির আদেশ দেওয়া হয়েছে। আমরা পানগাঁও টার্মিনালে যোগ দেব না। আন্দোলন আরও জোরদার হবে। বন্দর কর্তৃপক্ষের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রমিক নেতারা।

যে পানগাঁও নৌ টার্মিনালে এই চারজনকে বদলি করা হয়েছে, সেটিও পরিচালিত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে। ২২ বছরের জন্য পানগাঁও টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান মেডলগ। গত নভেম্বরে চুক্তি সম্পন্ন হয়। পুরো দায়িত্ব গ্রহণের পর সেখানে বন্দরের নিজস্ব কর্মচারীদের কাজের সুযোগ থাকবে না, এনিয়েও রয়েছে শ্রমিকদের অসন্তোষ।

এদিকে কর্মবিরতির ফলে সরকারের কতটুকু রাজস্ব ক্ষতি হয়েছে এবং এর জন্য কারা দায়ী—তা নিরূপণে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দরের সদস্য (প্রকৌশল) কমোডর মো. মাযহারুল ইসলাম জুয়েলকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এএইচ/ডিজে

ksrm