চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে ভারতে পাচারের চেষ্টা, ৪৯ টন রাসায়নিক আটক

চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে যশোর সীমান্ত দিয়ে ভারতে ৪৯ টন রাসায়নিক পদার্থ পাচারের চেষ্টা করছিল একটি চক্র। কিন্তু পথে মিরসরাইয়ে ৫০ লাখ টাকা মূল্যের এসব রাসায়নিক আটক করে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

একটি তেলবাহী ট্যাঙ্কার করে এসব অ্যাসিড অয়েল ও ক্রুড গ্লিসারিন নামে দুটি রাসায়নিক পাচারের চেষ্টা করা হয়েছে। এসব রাসায়নিকের ওজন ৪৮ হাজার ৯৯৫ কেজি।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—যশোর সদর থানার রামনগর এলাকার মৃত আকবর আলীর ছেলে মো. রায়হান (৫২) এবং অভয়নগর থানার পাথালিয়া এলাকার আজহার আলীর ছেলে তাকিবুর রহমান (২৫)। তারা দুজনই ট্যাঙ্কারচালক।

পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ঢাকামুখী অংশে অস্থায়ী চেকপোস্ট বসায় জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন দুটি তেলবাহী ট্যাঙ্কার (যশোর-ঢ-৪১-০০৭৫ ও যশোর-ঢ-৪১-০০৭৯) আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ট্যাঙ্কার দুটি থেকে ৪৮ হাজার ৯৯৫ কেজি অ্যাসিড অয়েল ও ক্রুড গ্লিসারিন রাসায়নিক পদার্থ জব্দ করা হয়। এসব রাসায়নিকের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, দুটি ট্যাঙ্কার থেকে উদ্ধার করা রাসায়নিক পদার্থগুলো হলো অ্যাসিড অয়েল ও ক্রুড গ্লিসারিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে খালাসের পর এসব রাসায়নিক যশোর সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য নেওয়া হচ্ছিল।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

এএইচ

ksrm