চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, তদন্তে কমিটি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিঙ্গাপুর থেকে আসা দুটি কন্টেইনারবাহী জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় নৌ-বাণিজ্য অধিদপ্তর ও বন্দর কর্তৃপক্ষ মিলে তদন্ত কমিটি গঠন করেছে।

শুক্রবার (১ মে) সিঙ্গাপুর থেকে আমদানি পণ্য নিয়ে জাহাজ দুটি বহির্নোঙরে অপেক্ষমাণ অবস্থার মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে প্রায় দুই হাজার ৮০০ একক (টিইইউএস) কন্টেইনার পণ্য খালাসে অনিশ্চয়তা তৈরি হয়েছে আমদানিকারক ও বন্দর সংশ্লিষ্টদের মধ্যে। দুইদিন পর জাহাজ দুটিকে সেখান থেকে নিয়ে আসা হয়।

জানা গেছে, এ ঘটনার তদন্তে নৌ-বাণিজ্য অধিদপ্তর ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন জহিরুল ইসলাম জানান, দুটি জাহাজে বিপুল পরিমাণ আমদানি পণ্য আটকা ছিল। দুর্ঘটনার পর জাহাজ দুটি জেটিতে আনার জন্য বন্দরের পাইলটরা চেষ্টা করলেও ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হওয়ায় তাৎক্ষণিকভাবে আনা সম্ভব হয়নি। দুদিন পর জাহাজ দুটি জেটিতে আনা হয়।

জাহাজ পরিচালনাকারীরা জানান, অর্থনৈতিক বিষয় বিবেচনায় বিশেষ ব্যবস্থায় জাহাজ দুটি রোববার
জেটিতে আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ধীরগতিতে (৬ থেকে ১০ নটিক্যাল মাইল) এবং প্রতি জাহাজে দুজন করে পাইলট নিয়ে এগুলো জেটিতে আনা হয়।

প্রিন্সিপাল অফিসার শেখ জালাল উদ্দিন গাজী জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কমিটির সদস্যরা তদন্ত কাজ শুরু করতে পারেননি।

তিনি আরও জানান, জাহাজ দুটি ডকইয়ার্ডে নিয়ে মেরামত করা হবে। ক্ষয়ক্ষতি নিরূপণ এবং সমুদ্রপথে চলাচলের অনুমতি পাওয়ার পরই জাহাজগুলো পুনরায় স্বাভাবিক কার্যক্রমে ফিরবে।

এফএ/ডিজে

ksrm