চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রাম। কর্মসূচি থেকে বন্দর চেয়ারম্যানের অফিস ঘেরাওয়ের ডাকও দেন শ্রমিক নেতারা।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টা থেকে বন্দর ভবনের সামনের সড়কে এ কর্মসূচি শুরু হয়। এসময় বন্দর এলাকায় তীব্র যানযটের সৃষ্টি হয়। পরে নেতারা যাত্রীদের দূর্ভোগের কথা চিন্তা করে ১টায় কর্মসূচি সংক্ষিপ্ত করে শেষ করেন।
এসময় দ্রুত বিদেশি কোম্পানির সাথে চুক্তি বাতিল না করলে ১৩ অক্টোবর বন্দর চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার। দেশের সবচেয়ে লাভজনক ও কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর অবকাঠামো বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া জাতীয় অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌম স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ।
অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তপন দত্ত বলেন, ক্ষমতায় এসেই যদি আপনারা শ্রমিকের বিরুদ্ধে যান, বন্দর দিতে শুরু করেন, এনসিটি দিতে শুরু করেন, তখন আমাদের কষ্ট হয়। এই এনসিটির টাকা দিয়ে পায়রা হয়, বে টার্মিনাল হয়, মাতারবাড়ি হয়, পানগাঁও হয়। এটা তো দুধেল গাই। এটা কেন কেটে খাব আমরা।
তিনি বলেন, আমরা চাই না বন্দর, এনসিটি, সিসিটি বিদেশিদের হাতে দেওয়া হোক। এই দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। এর আগের সরকার এবং অন্তর্বর্তী সরকারও আমাদের আন্দোলনের কথা শুনতে বাধ্য হয়েছে। এবারও আমরা এমন আন্দোলন গড়ে তুলব, যেখানে জনগণ আমাদের সঙ্গে থাকবে। জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হতে দিতে পারি না।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, সম্প্রতি কিছু ব্যক্তি ও তথাকথিত বুদ্ধিজীবী বন্দর ইজারা দেওয়ার পক্ষে বক্তব্য দিচ্ছেন।
তিনি বলেন, বন্দর পরিচালনা ও এর বাস্তব পরিস্থিতি সম্পর্কে না জেনে কেবল বিদেশি বিনিয়োগের যুক্তিতে জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো ইজারা দেওয়ার পক্ষে অবস্থান নেওয়া গ্রহণযোগ্য নয়।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিএফটিইউসির যুগ্ম সম্পাদক রিজওয়ানুর রহমান খান, বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, যুব ট্রেড ইউনিয়ন নেট ওয়ার্কের আহ্বায়ক আবু আহমেদ মিয়া, জান্নাতুল ফেরদৌস, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন-ইনসাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মহিন উদ্দিন।
বিএস/ডিজে




