চট্টগ্রাম বন্দরের টাগবোট ‘কাণ্ডারী-৬’ থেকে মধ্যরাতে চুরি করে অয়েল ট্যাঙ্কারে ডিজেল পাচারের সময় ৯ চোরা কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।
রোববার (১০ মে) রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, জব্দ করা ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে একটি কমিটি গঠন করা হবে।
জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে কর্ণফুলী থানার ডাঙ্গারচরের ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন কর্ণফুলী নদীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কাণ্ডারী-৬’ টাগ থেকে ‘ওটি আজু শাহ’ নামের একটি অয়েল ট্যাঙ্কারে ডিজেল পাচারের সময় ৯ জনকে হাতেনাতে আটক করা হয়।
কোস্টগার্ডে আরও জানায়, ভবিষ্যতে অবৈধ তেল মজুদ ও চোরাচালান ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।
এএইচ/ডিজে



