বছরে ২২৪ কোটি টাকা গৃহকর চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিভাগীয় কমিশনারের আদালত। বকেয়াসহ চলতি ২০২৬-২৭ অর্থবছরে চট্টগ্রাম সিটি করপোরেশন বন্দরের কাছ থেকে পাবে ২৫৫ কোটি টাকা।
সোমবার (২ নভেম্বর) গৃহকর নির্ধারণ নিয়ে আপিল শুনানি শেষে এ রায় দেওয়া হয়। এর ফলে আগের তুলনায় বন্দরের বার্ষিক গৃহকর বাড়ছে প্রায় ১৮৯ কোটি টাকা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব সার্কেল-৭ এর কর কর্মকর্তা একেএম সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গৃহকর নির্ধারণে সিটি কর্পোরেশনের বন্দরের অ্যাসেস ভ্যালু ১ হাজার ৫৫০ কোটি টাকা ধরে। এর ভিত্তিতে বার্ষিক গৃহকর নির্ধারণ করা হয় ২৬৪ কোটি টাকা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষ সিটি কর্পোরেশনে আপিল করলেও শুনানিতে কর কমানো হয়নি।
নিয়ম অনুযায়ী, নির্ধারিত করের ৭০ শতাংশ জমা দিয়ে বিভাগীয় কমিশনারের আদালতে আপিল করে বন্দর কর্তৃপক্ষ। সে অনুযায়ী ১৯৮ কোটি টাকা জমা দিয়ে আপিল করা হয়। দীর্ঘ শুনানি শেষে চূড়ান্ত রায়ে ১৫ শতাংশ কর রহিত করা হয়। এতে বার্ষিক গৃহকর নির্ধারণ করা হয়েছে ২২৪ কোটি টাকা।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে আগের বছরের বকেয়াসহ চট্টগ্রাম বন্দরের কাছ থেকে সিটি কর্পোরেশনের মোট ২৫৫ কোটি টাকা পাওয়ার কথা রয়েছে।
সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা আরও জানান, আগে চট্টগ্রাম বন্দর থেকে বছরে ৪৫ কোটি টাকা গৃহকর নির্ধারিত থাকলেও সারচার্জ বাদে প্রকৃত আদায় হতো ৩৫ কোটি টাকা।
এদিকে চূড়ান্ত রায়ের বিষয়ে জানতে চাইলে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, তারা এখনো রায়ের বিস্তারিত কপি পাননি। তাই এ মুহূর্তে এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছেন না।
এএইচ/ডিজে




