সড়ক দুর্ঘটনা/ চট্টগ্রাম নগরে ৮ বছরে মৃত্যু ৬৬২ জনের, ২০ ঝুঁকিপূর্ণ স্পট চিহ্নিত

চট্টগ্রাম নগরের আট বছরে ৬৬২ জন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। নিহতদের মধ্যে পথচারীর সংখ্যা বেশি। বিশেষ সন্ধ্যার পর ভারী গাড়ির আঘাতে মৃত্যু বেশি হয়েছে। এসব দুর্ঘটনার পেছনে অন্যতম কারণ, পর্যাপ্ত ফুটপাত না থাকা, অবৈধ দখল ও অসমতল চলাচলের যায়। ফলে পথচারীরা সড়ক ব্যবহার করে চলাফেরা করে। এছাড়া আধুনিক কোনো ট্রাফিক ব্যবস্থা না থাকা ও পথচারীদের মধ্যে অসচেতনতাও দুর্ঘটনার অন্যতম কারণ। এর মধ্যে দুর্ঘটনাপ্রবণ নগরের ২০টি ঝুঁকিপূর্ণ স্পট চিহ্নিত করা হয়েছে।

চট্টগ্রাম নগরে ৮ বছরে মৃত্যু ৬৬২ জনের, ২০ ঝুঁকিপূর্ণ স্পট চিহ্নিত 1

ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেইফটি (বিআইজিআরএস) কর্মসূচির আওতায় ‘চট্টগ্রাম সিটি রোড সেফটি রিপোর্ট ২০২৫’-এ এসব তথ্য উঠে এসেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সিএমপির সম্মেলন কক্ষে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। ২০১৭ সাল থেকে প্রতিবছরের ডিসেম্বরে আগের বছরের প্রতিবেদন প্রকাশ করা হয়ে আসছে।

বৈশ্বিক জনস্বাস্থ্য সংস্থা ভাইটাল স্ট্যাটেজিসের সহায়তায় তৈরি এই প্রতিবেদনের মূল তথ্য উপস্থাপন করেন বিআইজিআরএস’র সার্ভেইলেন্স কোঅর্ডিনেটর কাজী সাইফুন নেওয়াজ।

চট্টগ্রাম নগরের ২০ স্পটে বেশি দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হচ্ছে—বড়পোল মোড়, অলংকার মোড়, সিইপিজেড গেট, সিটি গেট, নিউমার্কেট বাসস্টপ, কালামিয়া বাজার বাসস্টপ এবং সাগরিকা গোলচত্বর। বিজ্ঞানসম্মত ত্রুটি আছে এসব স্থানগুলোতে।

শুধুমাত্র ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ১৩৭ জনের মৃত্যু হয়েছে, যার অর্ধেকেরও বেশি পথচারী।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আট বছরে সড়ক দুর্ঘটনায় ৬৬২ জন নিহত হয়েছেন। গতবছর প্রকাশিত প্রতিবেদনে ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৫২৫ জনের প্রাণহানির তথ্য দেওয়া হয়েছিল। সেই হিসেবে ২০২৪ সালে এক বছরে নিহতের সংখ্যা ১৩৭।

২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে মৃত্যুর হার বেড়েছে ২৯ শতাংশ। এই সময়ে সবচেয়ে বেশি নিহত হয়েছেন পথচারী, প্রায় ৩৬৩ জন, যা মোট নিহতের অর্ধেকেরও বেশি। পথচারীর পর সবচেয়ে ঝুঁকিতে ছিলেন দুই ও তিন চাকার যানবাহনের যাত্রী এবং চালকরা, নিহত হয়েছেন ১৯৫ জন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম নগরে সড়ক আছে ১ হাজার ৪৪২ কিলোমিটার। বিপরীতে ফুটপাত আছে মাত্র ২৮১ কিলোমিটার; যা মোট সড়কের মাত্র ১৯ শতাংশ। এর মধ্যে অধিকাংশ অবৈধ দখলে। এমনকি ফুটপাতে দোকানও বরাদ্দ দিয়েছে সিটি কর্পোরেশন। নগরে ২৮১ কিলোমিটার ফুটপাত রয়েছে। বাস্তবে অধিকাংশ সড়কের ফুটপাতে চলাচলের সুযোগ নেই। হয়তো ফুটপাতগুলো সড়কের পাশের দোকানিরা দখল করে রেখেছেন, নয়তো হকারদের দখলে। স্বয়ং সিটি কর্পোরেশন নগরের বিভিন্ন এলাকায় ফুটপাতে প্রায় ৩০০ দোকান বরাদ্দ দিয়েছে।

পথচারীর মৃত্যু কেন বেশি, এ বিষয়ে সাইফুন নেওয়াজ বলেন, চট্টগ্রামের সড়কগুলো পথচারীবান্ধব নয়। এখানে পথচারীর নির্বিঘ্নে চলাচলের জন্য পর্যাপ্ত ফুটপাত নেই। যা আছে তার মধ্যে কিছু অবৈধ দখলে, কিছু ভাঙাচোরা। তাছাড়া যেখানে দখলমুক্ত ফুটপাত আছে, সেখানেও অসমতল ও ধারাবাহিকতা নেই। বাধ্য হয়ে সড়ক দিয়ে যাতায়াত করেন পথচারীরা। মোড়গুলোতে যাত্রী পারাপারের কোনো ব্যবস্থা নেই। ট্রাফিকের হাতের ইশারায় যখন গাড়ি পার হয়, তখন গাড়ির ফাঁক গলে পথচারীরা সড়ক পার হন। আধুনিক কোনো ট্রাফিক ব্যবস্থাও নেই। গতিসীমাও নির্ধারণ করা নেই। পথচারীও অসচেতন।

তিনি আরও বলেন, সন্ধ্যায় ভারী যানবাহনচাপায় পথচারী নিহতের ঘটনা বেশি ঘটে। কারণ, এ সময় পণ্যবাহী ভারী গাড়িগুলো সড়কে নামে। গাড়ির গতি নিয়ন্ত্রণ না থাকায় পথচারীরা চাপা পড়ে মারা যান। এজন্য মোড়গুলোর আগে গতি নিয়ন্ত্রণে স্পিড হাম্প বসানো ও পথচারী আইল্যান্ড তৈরি করতে হবে।

পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী জানান, সিএমপি ইতোমধ্যে একটি রোড সেফটি সেল গঠন করেছে। রোড ক্র্যাশের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়ন করেছে। ভবিষ্যতে এই সেল থেকে প্রতিবেদন প্রস্তুত করা হবে। এসব প্রতিবেদন নীতিনির্ধারক, আইন প্রয়োগকারী সংস্থা, নগর পরিকল্পনাবিদসহ বিভিন্ন অংশীজনের জন্য একটি দিকনির্দেশক হিসেবে ব্যবহৃত হবে।

গত ২০ নভেম্বর বন্দর থানার নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়ে একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই মো. শফিক (৫৫) নামে এক সাইকেল আরোহী নিহত হন।

২৮ আগস্ট সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বাসচাপায় নুরুল আবছার (৫২) নামে এক পথচারীর মৃত্যু হয়। পতেঙ্গার কাটগড় মোড় এলাকায় শিব ও কালী মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আইএমই/ডিজে

ksrm