চট্টগ্রাম নগরে ঈদুল আযহার দিন কোরবানি পশুর বর্জ্য সংগ্রহে ১৪০টি ট্রাক থাকবে। একইসঙ্গে ৩ হাজার ১০০ পরিচ্ছন্নকর্মী থাকবে নগরজুড়ে। ৪১টি ওয়ার্ডে আলাদা আলাদা ট্রাকে করে অবিক্রিত ও নষ্ট চামড়াও সংগ্রহ করা হবে।
সোমবার (২৫ মে) এসব তথ্য জানান সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে নগরীতে বাড়তি বর্জ্য সৃষ্টি হয়। বিশেষ করে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ না করলে দুর্গন্ধ ও পরিবেশ দূষণের ঝুঁকি বাড়ে। এ কারণে এবারও জরুরি সেবা সচল রাখতে ৩১০০ পরিচ্ছন্নতাকর্মীর ছুটি বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতিটিতে প্রায় ১০০ থেকে ১৫০ জন পরিচ্ছন্নতাকর্মী দায়িত্ব পালন করবেন। তবে কোরবানির বর্জ্য অপসারণে টেন্ডার প্রক্রিয়ায় অতিরিক্ত লোকবল নিয়োগের সুযোগ না থাকায় বিদ্যমান কর্মীদের নিয়েই কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে অতিরিক্ত ১৪০টি ট্রাক ভাড়া করা হয়েছে। যদিও নগরীর দৈনন্দিন বর্জ্য পরিবহনে ১৬০টির বেশি গাড়ি রয়েছে, তবে নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা সচল রাখতে অতিরিক্ত এসব গাড়ি ভাড়া করা হয়েছে।
এবারের ঈদে নতুন উদ্যোগ হিসেবে চামড়া ব্যবসায়ীদের সুবিধার ব্যবস্থা রয়েছে জানিয়ে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা বলেন, অনেক সময় বিভিন্ন কারণে বিক্রি না হওয়া চামড়া সড়কের পাশে বা খোলা স্থানে পড়ে থাকে। এতে দুর্গন্ধ ছড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। এই সমস্যা সমাধানে নগরীর ৪১টি ওয়ার্ডে সন্ধ্যা ৬টা থেকে পৃথক ট্রাকের মাধ্যমে নষ্ট ও অবিক্রিত চামড়া সংগ্রহ করা হবে।
টিএ/ডিজে




