চট্টগ্রাম আদালতের দুর্নীতি ও হয়রানির খবর জানতে বসানো হলো ‘অভিযোগ বক্স’

চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে বসানো হয়েছে অভিযোগ বক্স। এখন থেকে সব ধরনের অনিয়ম ও হয়রানির অভিযোগ জানাতে পারবেন বিচারপ্রার্থীরা। একইসঙ্গে আদালতের কোনো কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতি ও হয়রানিমূলক আচরণসহ নানান বিষয়েও লিখিত অভিযোগ জমা দেওয়া যাবে এই বক্সে।

মঙ্গলবার (৯ জুন) চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার এই বক্স বসিয়েছেন বলে জানান আদালতের প্রশাসনিক কর্মকর্তা গিয়াস উদ্দিন চৌধুরী।

আদালত সূত্রে জানা গেছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ২৫ ধারা অনুযায়ী চট্টগ্রামের সিএমএম পদাধিকারবলে ‘জাস্টিস অব দ্য পিস’ হিসেবে দায়িত্বপ্রাপ্ত। বিচার প্রশাসনের স্বচ্ছতা, সরকারি সেবায় জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধের জন্য
‘সিএমএম, চট্টগ্রাম সমীপে’ নামের বক্সটি আদালত চত্বরে স্থাপন করা হয়েছে।

এছাড়াও পুলিশ ভেরিফিকেশনে হয়রানি ও আদালতের কোনো কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতি ও হয়রানিমূলক আচরণসহ নানা বিষয়ে অভিযোগ করা যাবে।

আদালত সূত্রে আরও জানা গেছে, এ ব্যবস্থাটি নিয়মিত মামলার বিকল্প নয় এবং এই অভিযোগ বক্সের মাধ্যমে সরাসরি কোনো মামলা রুজু হবে না। তবে কোনো তথ্য নির্ভরযোগ্য বলে প্রতীয়মান হলে সিএমএম আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক বা বিচারিক ব্যবস্থা গ্রহণ করবেন।

অভিযোগ সরাসরি সিএমএম আদালত ভবনে স্থাপিত সিএমএম, চট্টগ্রাম সমীপে নামক অভিযোগ বক্সে লিখিত আকারে জমা দেওয়া যাবে। এছাড়া অনলাইনে অভিযোগ পাঠানো যাবে এ ঠিকানায় : [email protected]

এই অভিযোগ বক্সটি সরাসরি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চট্টগ্রামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে। তথ্য প্রদানকারীর জানমালের নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করা হবে। বলে জানিয়েছেন সিএমএম আদালতের প্রশাসনিক কর্মকর্তা গিয়াস উদ্দিন চৌধুরী।

আইএমই/ডিজে

ksrm