চট্টগ্রাম আইনজীবী সমিতিতে বিএনপিপন্থিদের ‘ক্লিন সুইপ’, ২১ পদেই জয়
আওয়ামীপন্থিদের মনোনয়নে বাধা, জামায়াতের বর্জন
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যত একতরফা লড়াইয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি-সমর্থিত আইনজীবী ঐক্য ফোরাম। সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১টি পদের সব কটিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থি প্রার্থীরা। এর মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।
সমিতির মোট ভোটার ছিলেন ৪ হাজার ৫০০ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ১৬০ সদস্য।
নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে না পারায় প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি। অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে নির্বাচন বর্জন করে। তবে ব্যালটে তাঁদের প্রার্থীদের নাম থাকায় ভোট গ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তারিক আহমদ এবং সাধারণ সম্পাদক পদে মো. মঈনুদ্দীন। এ ছাড়া সিনিয়র সহসভাপতি পদে সেলিমা খানম, সহসাধারণ সম্পাদক পদে মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে আবুল মনছুর সিকদার, পাঠাগার সম্পাদক পদে তৌহিদ হোছাইন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক পদে বিলকিস আরা মিতু, ক্রীড়া সম্পাদক পদে মো. সরোয়ার হোসাইন লাভলু এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. লোকমান শাহ নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, এসব পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। সম্পাদকীয় ১০টি পদের মধ্যে ৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
তবে সহসভাপতি পদে ভোট অনুষ্ঠিত হয়। এতে আইনজীবী ঐক্য ফোরামের নিলুফার ইয়াসমিন লাভলী ১ হাজার ৭৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে আইনজীবী ঐক্য ফোরাম ও ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিজয়ী ১১ জনই বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য ফোরামের প্রার্থী।
বিজয়ী সদস্যরা হলেন আলী আকবর, দিদারুল আলম, দিলদার আহমেদ ভূঁইয়া, মো. ইকবাল হোসেন, মো. জসিম উদ্দিন, মোহাম্মদ হাসান, মোকতার উদ্দিন, মোমেনুল হক, সাদিয়া খান, সাইফুল ইসলাম ও শেখ মো. ফয়সাল উদ্দিন।
মুখ্য নির্বাচন কর্মকর্তা রৌশন আরা বেগম বলেন, বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য ফোরামের প্রার্থীরা পূর্ণ প্যানেলে ২১টি পদের সব কটিতে বিজয়ী হয়েছেন। সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একটি সহসভাপতি ও ১১টি সদস্য পদে ভোট অনুষ্ঠিত হয়েছে।




