কুয়াশাচ্ছন্ন ভোরে অটোরিকশা থামিয়ে অস্ত্রের মুখে ৩৫০ ভরি স্বর্ণের বার লুটে নেওয়ার রুদ্ধশ্বাস সেই ঘটনার কয়েক দিন পর রহস্য উন্মোচন করল পুলিশ। চট্টগ্রাম, গাজীপুর ও ঢাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ২৯০ ভরি স্বর্ণ। গ্রেপ্তার করা হয়েছে মূল হোতাসহ ছয়জনকে। তবে দীর্ঘ অভিযানের পর বড় সাফল্য এলেও নিখোঁজ ৬০ ভরি স্বর্ণ এবং উদ্ধারকৃত বারগুলোর মোড়কে অসামঞ্জস্য নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
অস্ত্রের মুখে স্বর্ণ ছিনতাই
গত ৪ জানুয়ারি ভোরে কোতোয়ালী থানার সাব-এরিয়া এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকার দিকে যাচ্ছিলেন তিন স্বর্ণ কারিগর। পথে পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা চার ছিনতাইকারী তাদের গতিরোধ করে। অস্ত্রের ভয় দেখিয়ে কারিগর সবুজ দেবনাথ, বিভাস রায় ও পিন্টু ধরকে মারধর করে দুর্বৃত্তরা তাদের কাছে থাকা ৩৫টি স্বর্ণের বার, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহত কারিগররা হাজারী লেনের মিয়া শপিং মার্কেটে অবস্থিত ‘জয়রাম ট্রেডার্স’-এর কর্মী। এ ঘটনায় পরদিন ৫ জানুয়ারি পাঁচলাইশ মডেল থানায় মামলা করা হলে তদন্তে নামে পুলিশ ও ডিবি (উত্তর) বিভাগের একটি বিশেষ দল।
গাজীপুর ও ঢাকায় অভিযান
ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গাজীপুরের কাশিমপুর থানার মাধবপুর এলাকা থেকে পুলিশ মামলার মূল অভিযুক্ত সুমন চন্দ্র দাস, মাসুদ রানা ওরফে ‘বাইক বাবু’ ও রফিকুল ইসলাম ওরফে ইমনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সুমন চন্দ্র দাস স্বীকার করেন যে তার নেতৃত্বেই পূর্বপরিকল্পিতভাবে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার স্ত্রী পান্না রানী দাস ওরফে দীপালী রানী দাসকে চট্টগ্রামের হালিশহর এবং চাচাতো ভাই রবি কুমার দাসকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে। এই ঘটনার সূত্রধর হিসেবে পরে বিবেক বণিককেও গ্রেপ্তার করা হয়।
স্বর্ণ উদ্ধার ও অমীমাংসিত প্রশ্ন
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার মোহাম্মদপুরের বৈশাখী খেলার মাঠসংলগ্ন একটি ভবনের ফ্ল্যাট থেকে কাগজের বাক্সে মোড়ানো অবস্থায় ২৯টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে পাঁচলাইশ মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিএমপির উপ-কমিশনার মো. হাবিবুর রহমান জানান, উদ্ধার হওয়া ২৯০ ভরি স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৮০ লাখ টাকা। তবে এজাহারে ৩৫টি স্বর্ণের বারের কথা উল্লেখ থাকলেও উদ্ধার হয়েছে ২৯টি। নিখোঁজ রয়ে যাওয়া ৬০ ভরি স্বর্ণ কোথায় এবং কীভাবে গায়েব হলো, তা নিয়ে অস্পষ্টতা কাটেনি। এমনকি স্বর্ণ বহনের কৌশলের সঙ্গে উদ্ধার হওয়া মোড়কের ধরনেও ভিন্নতা পাওয়া গেছে। নিখোঁজ স্বর্ণের বিষয়ে পুলিশের বক্তব্য হলো, ‘বাকি স্বর্ণ উদ্ধারে অভিযান চলমান রয়েছে।’
মালিকের পরিচয় ও পুরনো বিতর্ক
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া স্বর্ণের মূল মালিক চট্টগ্রাম মহানগর বুলিয়ান ব্যবসায়ী সমিতির সভাপতি কৃষ্ণ কর্মকার। এর আগেও ২০২৩ সালের ১৬ জুন কর্ণফুলী উপজেলার একটি পুলিশ চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দের ঘটনায় তার নাম আলোচনায় এসেছিল। সে সময় আদালতে দেওয়া আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও এই ব্যবসায়ীর সংশ্লিষ্টতার কথা উল্লেখ ছিল। বড় অঙ্কের স্বর্ণ উদ্ধার হলেও একটি অংশ নিখোঁজ থাকা এবং মালিকের অতীত ইতিহাস মিলিয়ে পুরো ঘটনাটি এখন নিবিড় পর্যবেক্ষণে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। সিএমপির উপ-কমিশনার মো. হাবিবুর রহমান জানান, ঘটনায় জড়িত আরও সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।
জেজে/সিপি




