চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে রক্তাক্ত অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
সোমবার (১০ আগস্ট) উপজেলার বড়তাকিয়া বাজারের হোটেল রিলাক্স জোন নামে একটি আবাসিক হোটেল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় তার স্ত্রীর সঙ্গে অক্ষত অবস্থায় তাদের ১০ মাসের কন্যা সন্তানকে উদ্ধার করা হয়।
নিহত আমিনুল ইসলাম (৩৫) রাঙামাটি জেলা পুলিশের এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি উপজেলার মায়ানী ইউনিয়নে।
জানা গেছে, সোমবার হোটেলে চেক আউটের সময় হওয়ায় হোটেল ম্যানেজার রুমের দরজা ধাক্কা দিলে ভেতর থেকে তার স্ত্রী আহত অবস্থায় এসে দরজা খুলে দেন। এসময় ঝুলন্ত অবস্থায় আমিনুলকে দেখে পুলিশকে খবর দেন।
আমিনুলের স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর শিশুটিকে তার নানি ও মামার জিম্মায় দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলার মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাদিম হায়দার চৌধুরী জানান, হোটেল রুম থেকে এএসআই আমিনুলের ঝুলন্ত লাশের পাশে তার স্ত্রীকে আহত অবস্থায় পাওয়া যায়। তাদের সংসারে ১০ মাস বয়সী কন্যা শিশু রয়েছে, তবে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রাঙামাটি পুলিশ লাইনে কর্মরত আমিনুল রোববার দুপুর ২টার দিকে স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই হোটেলে উঠেছিলেন। পারিবারিক কলহ থেকে এ ঘটনা ঘটতে পারে। তার স্ত্রীর মুখে আঘাত ছিল, মুখ বাঁকা দেখা গেছে বলে জানান তিনি।
ডিজে




