চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ সফল করে তুলতে প্রস্তুতি শুরু করেছেন হৃদরোগ বিশেষজ্ঞরা। সম্মেলনের লক্ষ্য, আয়োজনের পরিকল্পনা ও বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজির উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকেরা জানান, ‘কার্ডিকন-২০২৬’ সম্মেলনের নিবন্ধন শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে ১৬ ও ১৭ ডিসেম্বর নগরের হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে।
বুধবার (৫ আগস্ট) সকালে নগরের হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে এ উপলক্ষে আয়োজিত এ সভায় চট্টগ্রামের শীর্ষস্থানীয় হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা অংশ নেন।
চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজির চেয়ারপারসন অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ডা. আনিসুল আউয়াল স্বাগত বক্তব্য দেন। সভায় সংগঠনের পক্ষ থেকে সম্মেলনের সার্বিক লক্ষ্য ও আয়োজনের দিকনির্দেশনা তুলে ধরা হয়।
সভায় বিগত দিনের বিভিন্ন বৈজ্ঞানিক ও সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনা উপস্থাপন করেন ডা. কাজী শামীম আল মামুন। পরে সর্বসম্মতিক্রমে ‘কার্ডিকন-২০২৬’-এর আনুষ্ঠানিক লোগো, পোস্টার ও মূল স্লোগান নির্বাচন করা হয়। এই পর্বটি পরিচালনা করেন ডা. মুহাম্মদ খুরশেদ আলম।
সভায় দেশের হৃদরোগ চিকিৎসার আধুনিকায়ন, ইন্টারভেনশনাল কার্ডিওলজির প্রসার এবং আসন্ন সম্মেলনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিভিন্ন দিক নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. এসএম ইফতেখারুল ইসলাম।
সমাপনী বক্তব্যে অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেন, ‘কার্ডিকন কেবল একটি সম্মেলন নয়, এটি হৃদরোগ চিকিৎসার আধুনিক তথ্য ও প্রযুক্তি বিনিময়ের একটি বড় প্ল্যাটফর্ম। চট্টগ্রামের হৃদরোগ চিকিৎসায় নতুন মাত্রা যোগ করতে এই সম্মেলন বিশেষ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে সিএসআইসির উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত হৃদরোগ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সভার সিদ্ধান্তগুলো পড়ে শোনান সিএসআইসির দপ্তর সম্পাদক ডা. মো. সাইফ উদ্দিন সোহাগ।




