চট্টগ্রামে হিজড়াদের ‘গুরুমা’র মরদেহ উদ্ধার, গলায় কালো দাগ

চট্টগ্রামের খুলশীতে হিজড়াদের এক ‘গুরুমা’র মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিদিনের মতো রাতে ঘরে ঘুমাতে যান তিনি, কিন্তু সকালেই তার লাশ পাওয়া যায়। লাশের গলায় চিকন দাগ, জিহ্বা বের হয়ে ছিল, একটি চোখও ছিল ফোলা।

তার সহযোগীদের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যা। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের পর জানা যাবে আসল ঘটনা।

নিহত হিজড়ার নাম মোহাম্মদ মহসিন ওরফে মৌসুমী হিজড়া (৫২)। তার পৈত্রিক বাড়ি ছিল কুমিল্লার দাউদকান্দি উপজেলার মুঙ্গুর গ্রামে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর খুলশী থানার আমবাগান রেললাইন সংলগ্ন মাসুদ কলোনির বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও তার অনুসারীরা জানান, গতকাল শুক্রবার রাতে স্বাভাবিকভাবে ঘুমাতে যান তিনি। পরদিন সকালে তার অনুসারীরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় চেহারা নিচের দিকে করে উপুড় অবস্থায় বিছানায় পড়ে ছিল তার নিথর দেহ। রাত ২টার পর তার বাসায় কেউ একজন ছিল। দরজার বাইরে একজোড়া জুতা দেখতে পেয়েছিলেন পাশের বাসার এক সহযোগী। এছাড়া পাশের ঘরে থাকা একজন মৌসুমীর ঘর থেকে তর্কাতর্কির শব্দ শুনতে পান। এদিকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও পাওয়া যাচ্ছে না।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে যায় খুলশী থানা পুলিশ। যাচাই-বাছাই শেষে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম জানান, ধারণা করা হচ্ছে, গরু কেনার জন্য তার বাসায় টাকা রাখা ছিল। সেই টাকার জন্য এ ঘটনা ঘটে থাকতে পারে। তার বাসা থেকে টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন নিখোঁজ রয়েছে। ভোর ৪টা থেকে ৫টার মধ্যে মৌসুমিকে হত্যা করা হতে পারে।

জেএস/ডিজে

ksrm