চট্টগ্রামের বোয়ালখালীতে একটি গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান চালিয়ে শটগান, দুই রাউন্ড গুলি ও একটি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় দোকান মালিক মো. সাইফুল আলমকে আটক করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পশ্চিম কধুরখীল এলাকার চৌধুরী হাটে এই অভিযান চালানো হয়।
আটক সাইফুল আলম পশ্চিম কধুরখীল গ্রামের হাজী আব্দুল হকের ছেলে।
সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টাস্কফোর্স ওই গ্যাস সিলিন্ডারের দোকানে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে সিলিন্ডারের আড়ালে লুকিয়ে রাখা অবস্থায় একটি শটগান, দুই রাউন্ড গুলি ও একটি পিস্তলের ম্যাগজিন উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটক সাইফুল আলমকে বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে।
ডিজে




