চট্টগ্রামে ক্যান্সার নিরূপণ, প্রযুক্তিগত তথ্য বিনিময় ও প্রশিক্ষণ কার্যক্রমে যৌথ সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই করেছে সিএসসিআর এবং টিএমএসএস বায়োমলিকুলার ল্যাব। বুধবার (২১ মে) দুপুর ২টায় সিএসসিআরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে সিএসসিআরের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরসেদুল করিম চৌধুরী। টিএমএসএস বায়োমলিকুলার ল্যাবের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ল্যাব ডাইরেক্টর ডা. ডি.এম. আরিফুর রহমান।
সিএসসিআরের চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএমএসএসের নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর (পাভেল), কারিগরি উপদেষ্টা ডা. পল এন মেনওয়ারিং, সিএসসিআরের পরিচালক অধ্যাপক মো. আবদুল কাদের, অধ্যাপক এম এ কাশেম, ডা. একরামুল হক, অধ্যাপক খন্দকার এ কে আজাদ, কনসালটেন্ট ডা. মো. আহসানুল আবেদীন, ডা. নুরুল আমিন ভুঁইয়া, ডা. সাইফুল ইসলাম রাজু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ।
সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশের বৃহত্তম ক্যান্সার নিরূপণী প্রতিষ্ঠান টিএমএসএস বায়োমলিকুলার ল্যাব এবং চট্টগ্রামের প্রতিষ্ঠান সিএসসিআরের মধ্যে প্রযুক্তিগত তথ্য ও দক্ষতা বিনিময়, প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং বিষয়েও টিএমএসএসের সঙ্গে সিএসসিআরের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।



