চট্টগ্রামে সাড়ে ১০ হাজার গ্রাহকের পানির মিটার বদলাচ্ছে ওয়াসা

ভুতুড়ে বিলের অভিযোগ

গড় বিল, বেশি বিল ও ভুতুড়ে বিলের অভিযোগ কমাতে চট্টগ্রাম ওয়াসার সাড়ে ১০ হাজার গ্রাহকের পানির মিটার পরিবর্তন করা হচ্ছে। অচল, নষ্ট ও চুরি হয়ে যাওয়া মিটার প্রতিস্থাপনের মাধ্যমে গ্রাহকদের প্রকৃত পানির ব্যবহার অনুযায়ী বিল নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

বুধবার (৪ নভেম্বর) সকালে নগরের হালিশহর বড়পোল এলাকায় মিটার প্রতিস্থাপন কার্যক্রম পরিদর্শন করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম। এ কার্যক্রম শুরু হয়েছে গত ১২ অক্টোবর থেকে।

ওয়াসা জানিয়েছে, পানির মিটার নষ্ট বা চুরি হয়ে গেলে তা পরিবর্তনে বিলম্ব কিংবা অনীহার কারণে অনেক গ্রাহককে দীর্ঘদিন গড় হিসাবে বিল দিতে হয়। এতে স্বাভাবিক বিলের সঙ্গে পার্থক্য তৈরি হলে অতিরিক্ত বিলের অভিযোগ ওঠে।

এসব অভিযোগের কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে, অনেক ক্ষেত্রে মিটার অচল বা নষ্ট থাকায় প্রকৃত পানির ব্যবহার নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।

এ সমস্যা সমাধানে গত ১৭ সেপ্টেম্বর লিমিটেড টেন্ডারিং মেথডে (এলটিএম) মিটার কেনার দরপত্র আহ্বান করে ওয়াসা। পরে ১২ অক্টোবর থেকে মিটার প্রতিস্থাপনের কাজ শুরু হয়। এ উদ্যোগের আওতায় সাড়ে ১০ হাজার গ্রাহকের মিটার পরিবর্তন করা হচ্ছে।

বুধবার সকাল ১১টার দিকে হালিশহর বড়পোল এলাকায় কার্যক্রম পরিদর্শনের সময় ব্যবস্থাপনা পরিচালক গ্রাহকদের সঙ্গে কথা বলেন। তাদের মিটারসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন।

সেলিম মো. জানে আলম জানান, ওয়াসায় যোগদানের পর থেকে গড় বিল, বেশি বিল ও ভুতুড়ে বিল নিয়ে গ্রাহকদের কাছ থেকে সরাসরি ও লিখিত অভিযোগ আসছে। মিটার প্রতিস্থাপনে গ্রাহকদের বিলম্ব বা অনীহার কারণে আইন অনুযায়ী, ওয়াসাকে গড় হিসাবে বিল দিতে হয়। গ্রাহকদের সুবিধার্থে সংস্থাটি নিজ উদ্যোগে সাড়ে ১০ হাজার মিটার প্রতিস্থাপন করছে। এতে গ্রাহকেরা মিটার রিডিং অনুযায়ী বিল পাবেন এবং ভুতুড়ে বিলের অভিযোগও কমে আসবে।

পরিদর্শনকালে ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) শারমিন আক্তার, বাণিজ্যিক ব্যবস্থাপক সাজিয়া পারভীন, প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে, রাজস্ব কর্মকর্তা এরফানুল করিম সাজ্জাদ ও সংশ্লিষ্ট মিটার পরিদর্শকরা উপস্থিত ছিলেন।

আইএমই/ডিজে

ksrm