চট্টগ্রামে সাংবাদিকদের প্রীতি ম্যাচে ব্রাজিল সমর্থকদের জয়

চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে ব্রাজিল ও আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এ ম্যাচে দারুণ দাপট দেখিয়ে ২-০ গোলে জয় তুলে নিয়েছেন ব্রাজিল সমর্থক সাংবাদিকরা।

বুধবার (১০ জুন) রাতে নগরের চান্দগাঁও এলাকার একটি মাঠ সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। ফুটবলপ্রেমী সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করতে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমকর্মী ও দর্শকরা। ম্যাচটি পরিচালনা করেন বণিক বার্তার দেবব্রত রয়।

ম্যাচের প্রথমার্ধে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনো দল গোলের দেখা পায়নি। তবে বিরতির পর খেলার গতি বাড়ে। ব্রাজিল সমর্থক সাংবাদিককের শৈল্পিক ফুটবল নৈপুণ্যে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসে ফলাফল। দ্বিতীয়ার্ধে কিছুক্ষণের মধ্যে ব্রাজিল সমর্থক সাংবাদিকদের হয়ে প্রথম গোল করেন চ্যানেল আইয়ের ইকবাল হোসেন। গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে উঠেন আর্জেন্টিনা সমর্থক দল। তবে কয়েক মিনিট পর ব্রাজিল সমর্থকদের নিপুন ক্রীড়াশৈলীতে বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আজহার মাহমুদ আরও একটি গোল করে ব্রাজিলের ব্যবধান দ্বিগুণ করেন। তিনি আর্জেন্টিনা সমর্থক দলের গোলরক্ষক বণিক বার্তার সুজিত সাহাকে পরাস্ত করে বল জালে জড়ান।

ম্যাচে ব্রাজিল সমর্থক সাংবাদিক দলে খেলেছেন—বাংলাদেশ প্রতিদিনের আজহার মাহমুদ, ডিবিসি নিউজের মুজিবুল হক, ঢাকা পোস্টের রহমান মিজান, সময় টিভির সাখাওয়াত হোসেন টিপু, অনিক বিশ্বাস, কালের কণ্ঠের মেহরাজ বিন আলম, চ্যানেল আইয়ের ইকবাল হোসেন ও চট্টগ্রাম টোয়েন্টিফোরের নুরুল আলম।

অপরদিকে আর্জেন্টিনা সমর্থক সাংবাদিক দলে ছিলেন—বণিক বার্তার সুজিত সাহা, ফটোজার্নালিস্ট মাসুমুল ইসলাম, ভিডিও জার্নালিস্ট সুজন আচার্য, এনটিভির সুমন গোস্বামী, ডিবিসি নিউজের মুন্না, কালবেলার মোহাম্মদ সুমন, জাগো নিউজের রফিক হায়দার, কালেরকন্ঠের সাকিব ও মিল্টন বিজয়।

খেলায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন, জাগো নিউজের ব্যুরো প্রধান ইকাবাল হোসেন।

ksrm