চট্টগ্রামে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতকার্য সহস্রাধিক শিক্ষার্থীকে এক মঞ্চে সংবর্ধনা দিয়ে ভবিষ্যৎ শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেওয়া হয়েছে। গাজী কে ডি ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাজী কে ডি ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, দৈনিক দেশ বর্তমান’র সম্পাদক জমির উদ্দিন, এমসিইওর প্রতিষ্ঠাতা আইমান সাদিক, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. আনিসুল হোসেন বাবুল, কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. এস এম সরোয়ার আলম, ব্যবসায়ী সাকিব কাদের চৌধুরী ও ডা. সামিউলসহ অনেকে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাজীবন ও সফলতার প্রস্তুতি নিয়ে বিশেষ সেশন পরিচালনা করেন এমসিইওর প্রতিষ্ঠাতা আইমান সাদিক। এসএসসি থেকে পরবর্তী শিক্ষাজীবনে সিলেবাস ও পাঠ্যসূচির পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
আয়োজক গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং ভবিষ্যতে আরও ভালো করার উৎসাহ দিতেই এ আয়োজন। তাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এ ধরনের আয়োজন মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবে। এখান থেকে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করার অনুপ্রেরণাও পেতে পারে।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।




