সমুদ্র থেকে মাছ নিয়ে কর্ণফুলী নদীর বুকে নোঙর করা ‘এফভি দেশ’ নামে একটি ফিশিং জাহাজে বিস্ফোরণ ঘটেছে। এতে দগ্ধ হয়েছে জাহাজে থাকা ছয়জন।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ১টার দিকে সদরঘাট এলাকায় জাহাজের ইঞ্জিন রুমে এ ঘটনা ঘটে।
দগ্ধ কর্মকর্তারা হলেন—জাহাজের ইঞ্জিন কক্ষে দায়িত্বরত ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেকে দায়িত্বরত শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ।
জানা গেছে, সোমবার দুপুর ১টার দিকে সমুদ্র থেকে মাছ নিয়ে এলে জাহাজটি কর্ণফুলী নদীর সদরঘাটের এলাকার মুরিংয়ে নোঙর করা হয়। নোঙর করার একদিন পরেই মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে জাহাজটির ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটে। পরে আগুন ছড়িয়ে পড়লে জাহাজে থাকা ছয়জন দগ্ধ হন।
দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
নোঙর ফেলার পরে দিন জাহাজে এমন বিস্ফোরণ ঘটনায় সন্দেহজনক বলে মনে করছেন জাহাজের অন্য কর্মকর্তারা। এ ঘটনার পর জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আরএ/ডিজে




