চট্টগ্রামে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে ভেসে যাচ্ছিলেন ৪ পর্যটক, যেভাবে বাঁচালো গ্রাম পুলিশ

সমুদ্রে গোসলে নেমে জোয়ারে ভেসে যাওয়া চার পর্যটককে উদ্ধার করেছে গ্রাম পুলিশের সদস্যরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। তবে উদ্ধার করা ‍চার যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনাটি গত সোমবার (১ জুন) দুপুরের। তবে ভিডিওটি বুধবার ভাইরাল হয়।

উদ্ধারকারী দলের এক সদস্য গ্রাম পুলিশ নুরুল আমিন জানান, সেদিন সৈকতের বিভিন্ন অংশে আমরা গ্রাম পুলিশের ৯ জন ডিউটিতে ছিলাম। তখন জোয়ার আসছিল। আমরা দেখতে পাই, কিছু পর্যটক সাঁতার কাটছেন। সাঁতার কাটতে কাটতে তারা বিপদসীমার বাইরে চলে যান। তখন সাঁতরে তীরের দিকে আসার চেষ্টা করলেও তারা এগোতে পারছিলেন না। তখন সেখানে ছিলাম আমি ও আমার সহকর্মী সফর আলী। স্থানীয় একজন বোট মালিকের কাছ থেকে তার বোট নিয়ে আমরা সাগরে নামি। সৈকতের খালের মুখ অংশে ২৩ মে একজন পর্যটক মারা যান। ওই খালের মুখের কাছেই ঘটনা।

তিনি জানান, প্রায় তিনশ মিটার এগিয়ে যাওয়ার পর ৪ জন পর্যটককে আমরা উদ্ধার করি। তাদের সবার বয়স ১৮-২০ বছরের মধ্যে। তবে তারা কোথা থেকে এসেছেন সেটা জানা হয়নি।

ইউএনওর সম্মতির পর মঙ্গলবার সৈকতে চারটি লাল পতাকা ও সতর্কীকরণ বার্তা লেখা দুটি সাইনবোর্ড বসানো হয়েছে বলে জানায় গ্রাম পুলিশ।

এর আগে গত ২৩ মে গুলিয়াখালী সৈকতে সাগরে নেমে ভেসে গিয়েছিলেন পর্যটক মোহাম্মদ রিফাত হোসেন। পরদিন তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ডিজে

ksrm