চট্টগ্রামে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে জোয়ারে ভেসে গেল স্কুলছাত্র

চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে জোয়ারের পানিতে ভেসে গেছে এক পর্যটক।

নিখোঁজ পর্যটকের নাম মো. রিফাত শেখ (১৬)। সে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার মোহাম্মদ খায়রুল শেখের পুত্র ও গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

শনিবার (২৩ মে) বিকেল ৪টার দিকে গুলিয়াখালী সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেন।

‎ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে রিফাতসহ তার সহপাঠীরা নিয়ে গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। তারা গুলিয়াখালী খালের শেষ মাথায় সাঁতার কাটতে নামে। এক পর্যায়ে তারা ডুবে যেতে থাকে। এই সময় স্থানীয়রা দেখলে দ্রুত বোট নিয়ে তাদেরকে উদ্ধার করতে চেষ্টা করে। কিন্তু চারজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করলেও একজন এখনো নিখোঁজ রয়েছে।

খবর পেয়ে বিকাল সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও নিখোঁজ পর্যটকের খোঁজ মেলেনি।

এদিকে সন্ধ্যা হয়ে যাওয়াতে সাগরের আবহাওয়া উত্তাল হওয়ার কারণে উদ্ধার কার্যক্রম বন্ধ রাখে। সকাল পাঁচটার দিকে ডুবুরি দল আসলে উদ্ধার কার্যক্রম শুরু হবে।

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মো. শহিদুল ইসলাম বলেন, তারা সাঁতার কাটতে যাওয়ার আগে স্থানীয়রা তাদেরকে নিষেধ করেছিল ওই স্থানে না যাওয়ার জন্য। কিন্তু তারা স্থানীয়দের কথা না শুনে সাঁতার কাটতে গিয়ে বিপদে পড়ে। যখন তারা পানির মধ্যে ডুবুডুবু অবস্থা, তখন স্থানীয়রা বোট নিয়ে চারজনকে উদ্ধার করে। কিন্তু রিফাত জোয়ারে পানিতে তলিয়ে নিখোঁজ হয়।‎

‎সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মহম্মদ বেলাল হোসেন বলেন, উদ্ধার হওয়া চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ রাখা হয়। সকাল পাঁচটা থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করবে।

ডিজে

ksrm