চট্টগ্রামের বাজারে আবারও বাড়ছে শাক-সবজি ও নিত্যপণ্যের দাম। মাছ, ডিম থেকে শুরু করে ভোজ্যতেল—প্রায় সব ধরনের পণ্যের বাজারেই দেখা দিয়েছে অস্থিরতা। এক সপ্তাহের ব্যবধানে প্রত্যেকটি পণ্যে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এতে বাড়তি চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। তবে এর মধ্যে মুরগির দাম কিছু কমেছে।
রোববার (১০ মে) সকালে চট্টগ্রাম চকবাজার, কাজীর দেউরি, পাহাড়তলীসহ বিভিন্ন এলাকার বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। সবজির মধ্যে কচুর লতি বিক্রি হচ্ছে কেজি ১০০ টাকা, টমেটো ৭০ টাকা, শশা ৮০ টাকা, কাকরোল ১০০ টাকা, পটল ৬০ টাকা, ঝিঙে ৮০টা এবং চিচিঙ্গা ৯০ টাকায় বিক্রি হচ্ছে। তিতা করলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা, এবং বেগুন বিক্রি হচ্ছে প্রতিকেজি ৯০ টাকায়। অথচ সপ্তাহখানেক আগেও এসব সবজির দাম ১০ থেকে ২০ কম ছিল।
এছাড়া ধুন্দুল ৭০ টাকা, ঢেড়শ ৭০ টাকা, বরবটি ১০০ টাকা, পেঁপে ৭০ টাকা এবং গাজর মানভেদে ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। লাউ বিক্রি হচ্ছে ৬০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি দরে।
কাঁচা মরিচের বাজারেও ঝাঁজ বেড়েছে। প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। তবে আলুর দাম তুলনামূলক কম, প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা এবং রসুন ১৬০ টাকা কেজি দরে। ধনেপাতা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। ফুলকপির দাম উঠেছে ১০০ টাকায়।
ভোজ্যতেলের বাজারেও উচ্চ দাম অব্যাহত রয়েছে। খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৯৫ টাকা এবং বোতলজাত তেল ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
অপরদিকে মুরগির বাজারেও কিছু স্বস্তি মিলছে। বড় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি, ছোট ব্রয়লার ১৬৫ টাকা এবং সোনালী ও লেয়ার মুরগি যথাক্রমে ৩০০ এবং ৩৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগির ডিম বিক্রি হচ্ছে আকারভেদে ১৩৫ থেকে ১৪০ টাকা ডজন, যা এক সপ্তাহ আগেও বিক্রি হতো ১২০ টাকায়।
মাছের দাম এখনও অপরিবর্তিত আছে। এর মধ্যে তেলাপিয়া বিক্রি হচ্ছে ২২০ টাকা, পাঙ্গাস ২০০ টাকা, কৈ মাছ ২৫০ টাকা এবং রুই মাছ ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে বাজারের বিক্রেতাদের দাবি, বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে তাদের, বিক্রি করতে হচ্ছে বেশি দামে। তারা জানান, এক সপ্তাহে সবজির দাম কিছুটা বেড়েছে। আসলে আমাদের এসব পণ্য বাড়তি দাম দিয়েই কিনতে হচ্ছে।
চকবাজার ফুলতলা খালপাড় সংলগ্ন মা পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী মো. জাহেদ জানান, ‘গত ১০ দিনে মুরগির দাম কমেছে। ৮ থেকে ১০ দিন আগে আমরা ব্রয়লার মুরগি বিক্রি করেছি ১৯০ টাকা, লেয়ার ৩৮০ টাকা এবং সোনালী ৩৯০ টাকায়। এখন ব্রয়লার ১৬৫ টাকা, লেয়ার ৩৬০ টাকা ও সোনালী বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি।’
চকবাজারে বাজার করতে আসা দীপক মিত্র নামে এক ক্রেতা বলেন, ‘সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে। কাকরোল বিক্রি হচ্ছে ১০০ টাকায়। আধা কেজি করে সবজি নিয়ে হিমশিম খেতে হচ্ছে। ডিমের দামও বেড়ে গেছে। গত সপ্তাহে নিয়েছিলাম ১২০ টাকা। আর এখন মুরগির ডিম সাদাটা ডজন বিক্রি হচ্ছে ১৩৫ টাকা।’
টিএ/ডিজে




