শ্রমিক লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ফজলুল হক মন্টুকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রামের দলীয় নেতাকর্মীরা। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে সর্বম্তরের শ্রমিক লীগ নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
দলের কেন্দ্রীয় সভাপতিকে বরণ করতে বিমানবন্দরে যান চট্টগ্রামের বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতি পদে চট্টগ্রাম থেকে স্থান পাওয়া শফর আলী, বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব ও চট্টগ্রাম বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মুহাম্মদ এয়াকুব, নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, পতেঙ্গা-হালিশহর শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি মো. ইউনুস, বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব উজ্জ্বল বিশ্বাস, রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. আলমগীর, সম্মিলিত হকার্স ফেডারেশনের সভাপতি মো. মিরন হোসেন মিলন, বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগ সিবিএর সভাপতি মীর নওশাদ প্রমুখ।

এদিকে শুক্রবার পতেঙ্গা বোট ক্লাবে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সিবিএ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন শ্রমিক লীগ সভাপতি মন্টু। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এয়াকুব, সহ সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ এবি সিদ্দিক খান ও সাংগঠনিক সম্পাদক মো. কাসেম মোল্লা।
এ সময় সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুব জ্বালানি তেল সেক্টরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে জবাবে শ্রমিক লীগ সভাপতি মন্টু বলেন, ‘দেশের জ্বালানি সেক্টর হচ্ছে খুবই স্পর্শকাতর সেক্টর। তাই এই সেক্টর নিয়ে ষড়যন্ত্র হতে পারে। তাই এই সেক্টরে যাতে কেউ কোন ধরনের ষড়যন্ত্র করে অস্থিরতা সৃষ্টি করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।




