চট্টগ্রামে শক্ত অবস্থান গড়ছে মিনিসো, কোহিনূর সিটিতে নতুন স্টোর

চট্টগ্রাম নগরের দামপাড়ার মেরিডিয়ান কোহিনূর সিটিতে নতুন ঠিকানা পেল আন্তর্জাতিক লাইফস্টাইল ব্র্যান্ড মিনিসো। রোববার (৮ ফেব্রুয়ারি) নগরের আধুনিক এই শপিং মলের নিচতলায় ফিতা কেটে চট্টগ্রামে মিনিসোর তৃতীয় স্টোরের উদ্বোধন করা হয়। উদ্বোধনের মধ্য দিয়ে বন্দরনগরীতে ব্র্যান্ডটির কার্যক্রম আরও বিস্তৃত হলো।

উদ্বোধন করেন বিজিএমইএ পরিচালক ও মিনিসো বাংলাদেশের পরিচালক শাহ্ রাঈদ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালক ও এশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, মিনিসো বাংলাদেশের পরিচালক চৌধুরী আসিফুজ্জামান, ফ্র্যাঞ্চাইজি তাহসিন ফেরদৌসী, মেগা মার্টের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান, মেরিডিয়ান গ্রুপের পরিচালক আকিব কামাল এবং এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম।

কোহিনূর সিটির পাশাপাশি চট্টগ্রামে মিনিসোর আরও দুটি আউটলেট রয়েছে। নতুন স্টোর উদ্বোধন উপলক্ষে ৮ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রাহকদের জন্য সব পণ্যে ২০ শতাংশ মূল্যছাড় ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

চট্টগ্রামকে দ্বিতীয় হাব করার লক্ষ্য

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাতের পর বক্তব্য দেন মিনিসো বাংলাদেশের পরিচালক শাহ্ রাঈদ চৌধুরী। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও মিনিসো জনপ্রিয়তা পেয়েছে। ভালো মান, আকর্ষণীয় ডিজাইন এবং সাধ্যের মধ্যে দামের কারণে মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত ক্রেতাদের পছন্দের তালিকায় মিনিসো আছে। চট্টগ্রামের ক্রেতাদের আগ্রহ ও চাহিদার কথা বিবেচনা করেই কোহিনূর সিটিতে নতুন স্টোর খোলা হয়েছে।

তিনি বলেন, মেরিডিয়ান কোহিনূর সিটি চট্টগ্রামের অন্যতম বড় শপিং মল। সামনে চট্টগ্রামে আরও সাতটি স্টোর খোলার পরিকল্পনা রয়েছে, যাতে বন্দরনগরীকে মিনিসোর দ্বিতীয় হাব হিসেবে গড়ে তোলা যায়।

ক্রেতাদের কাছে আরও কাছাকাছি

বিশেষ অতিথির বক্তব্যে বিজিএমইএ পরিচালক সাকিফ আহমেদ সালাম বলেন, বিশ্বের পরিচিত ব্র্যান্ড মিনিসো চট্টগ্রামে আরেকটি আউটলেট চালু করায় তিনি আনন্দিত। বিদেশের মতো পরিবেশে এই ফ্র্যাঞ্চাইজি স্টোর ইতিমধ্যে চট্টগ্রামের ক্রেতাদের পছন্দের জায়গা হয়ে উঠেছে। নতুন আউটলেটের মাধ্যমে মিনিসো নগরের ক্রেতাদের আরও কাছ থেকে সেবা দিতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মিনিসোর বর্তমানে বিশ্বের ১১২টি দেশে আট হাজারের বেশি স্টোর রয়েছে। বাংলাদেশে ব্র্যান্ডটির যাত্রা শুরু হয় ২০১৭ সালে। সাশ্রয়ী দামে ভালো মানের পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়াই মিনিসোর লক্ষ্য।

ksrm