চট্টগ্রামে রেলের ৯০ ইঞ্জিনের ৪৮টি বিকল, প্রতিদিনই শিডিউল বিপর্যয়

পার্টস আমদানি নেই, ৬ মাস সংকট থাকার শঙ্কা

রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে যাত্রীসেবা চলছে মাত্র ৪২টি লোকোমোটিভ (ইঞ্জিন) দিয়ে। বিকল হয়ে পড়ে আছে ৪৮টি লোকোমোটিভ। ফলে প্রতিদিনই ঘটছে শিডিউল বিপর্যয়। এক থেকে দুই ঘণ্টা দেরীতে ট্রেনে ছেড়ে যাচ্ছে গন্তব্যে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। অনেকে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে কাজ সারতে পারছে না ঠিকভাবে। এর মধ্যে সচল লোকোমোটিভ থেকে আরও ৫টি যে কোনো মুহূর্তে অচল হয়ে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হচ্ছে।

রেল কর্মকর্তারা বলছেন, আগামী ছয় মাসের আগে এই সংকট থেকে উত্তরণ সম্ভব না।

রোববার (২৪ আগস্ট) চট্টগ্রামের পাহাড়তলী লোকোমোটিভ কারখানায় গিয়ে জানা গেছে এমন তথ্য।

পাহাড়তলীর লোকোমোটিভ কারখানা তত্ত্বাবধায়ক এহতেশাম মোহাম্মদ শামস বলেন, ইঞ্জিনের পার্টস আমদানি না থাকায় বহু ইঞ্জিন বিকল হয়ে মুখ থুবড়ে পড়ে আছে।

রেল সূত্রে জানা গেছে, চট্টগ্রামে লোকোমোটিভের সংখ্যা ৯০টি। এর মধ্যে নতুন ও পুরাতন মিলিয়ে সচল রয়েছে ৪২টি। অকেজো পড়ে আছে ৪৮টি।

ইঞ্জিন সংকটের কারণে শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেইল চট্টগ্রাম পৌঁছে সকাল ৭টার পরিবর্তে সকাল ১১টায়। একইসঙ্গে প্রথম শ্রেণির কোচে ফ্যান নষ্ট হওয়ায় প্রচণ্ড গরমে হাঁসফাস ছিল যাত্রীদের অবস্থা।

নিয়মানুযায়ী একটি ইঞ্জিন গন্তব্যে পৌঁছানোর পর কমপক্ষে ৬ ঘণ্টা বিশ্রামে রাখতে হয়। কিন্তু সেই নিয়ম না মেনে পুনরায় গন্তব্যে উদ্দেশ্যে ছুটছে ইঞ্জিনগুলো। আর এতেই মাঝপথে বিকল হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে।

আরও জানা গেছে, ইঞ্জিন সংকট ও যান্ত্রিক সমস্যার কারণে চট্টগ্রাম থেকে চলাচলকারী প্রায় সব ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে দুই থেকে তিন ঘণ্টা দেরীতে ছাড়ছে। এমন ভোগান্তিতে নাকাল হচ্ছেন সাধারণ যাত্রী।

শনিবার ঢাকা থেকে সোনার বাংলা এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা দেরীতে চট্টগ্রাম পৌঁছে। বিকেলে সেই ট্রেন চট্টগ্রাম থেকে প্রায় ২ ঘণ্টার দেরীতে ঢাকা পৌঁছে।

একইসঙ্গে চট্টগ্রাম-কক্সবাজার-ঢাকা রুটে ট্রেনগুলো প্রায় ২ ঘণ্টা বিলম্বে চলাচল করছে অভিযোগ করেছেন যাত্রীরা।

চট্টগ্রাম থেকে ঢাকার যাত্রী আফসার উদ্দিন বলেন, ইঞ্জিন সংকট দীর্ঘদিন চলতে থাকলে রেল যোগাযোগে মানুষের আস্থা হারাবে। যাত্রীসেবার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। যাত্রীদের দুর্ভোগের চিত্র রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেখা জরুরি।

রেলওয়ের এডিজি (আরএস) ফকির মহিউদ্দিন বলেন, ‘আগামী ৬ মাস এই অবস্থা চলবে। ইতোপূর্বে যারা দায়িত্বে ছিলেন, তারা ক্রয় নীতি অনুসরণ না করেই ব্যয় সংকোচন নীতি অবলম্বন করেন। ফলে ঘাটতি পূরণ না করায় স্টক শূন্য। তবু নতুন ইঞ্জিন এবং যন্ত্রাংশ ক্রয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

তবে নতুন রুটে ট্রেন চলাচল বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, ‘দ্রুত সমস্যা সমাধানে একযোগে কাজ করছি।’

ডিজে

ksrm