রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে বিভাগীয় বাণিজ্যিক দপ্তরের ৬৫ লাখ টাকার বেড-বেডিং ধোলাই কাজে জালিয়াতির ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মহাপরিচালক আফজাল হোসেন এই নির্দেশ দেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের প্রধান বানিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার সাহা তদন্ত বিষয়টি নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রেলের বিভাগীয় বাণিজ্যিক দপ্তর ১ম শ্রণির বেডিং ধোলাই ও ইস্ত্রির কাজের জন্য দরপত্র আহ্বান করে। গত ২ জুলাই দরপত্র খোলা হলে ৫ প্রতিষ্ঠানের আবেদনের মধ্যে তিনটি শর্ত পূরণ না করায় ঝরে যায়। এরপর ‘প্রসিদ্ধ মদিনা শালকর’ ৬২ লাখ ৪৯ হাজার টাকা ও ‘এ আর কনস্ট্রাকশনের’ ৬৫ লাখ ৩৪ হাজার টাকার দরপত্র যোগ্য বলে বিবেচিত হয়। কিন্তু মদিনা শালকর সর্বনিম্ন দরদাতা হলেও এসএলটি পদ্ধতির দোহাই দিয়ে তাদের বাতিল করে ৩ লাখ টাকা বাড়তি খরচায় এ আর কনস্ট্রাকশনকে কাজটি দেওয়া হয়। বাণিজ্যিক দপ্তর থেকে প্রতিষ্ঠানগুলোর বিষয় সরেজমিনে গিয়ে যাচাই করে রিপোর্ট দেওয়ার দায়িত্বে ছিলেন বাণিজ্যিক দপ্তরের জেটিআই এনামুল হক শিকদার।
এরপর গত ২৭ সেপ্টেম্বর বেডিংয়ের কাজে জালিয়াতির অভিযোগ এনে ‘প্রসিদ্ধ মদিনা শালকর’ নামে একটি ধোলাই প্রতিষ্ঠানের মালিক মোশারফ হোসেন ভুইয়া রেলের (পূর্ব) জিএম বরাবরে চিঠি দেন।
অভিযোগের সূত্র ধরে সরেজমিন দেখা গেছে, ‘এ আর কনস্ট্রাকশন’ নামে যে প্রতিষ্ঠানটি দরপত্র পেয়েছে সেটির ঠিকানা উল্লেখ করা হয়েছে, ‘পশ্চিম মাদারবাড়ি, যুগিচাঁদ মসজিদ লেন ২ নম্বর গলি’। কিন্তু সেই ঠিকানায় রয়েছে ‘ফ্রেস ওয়াশ সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান। যেটির স্বত্বাধিকারী বিষ্ণু পাল আকাশ নামে এক ব্যক্তি। তিনি জায়গার মালিক কে এম মামুন রাজার কাছ থেকে ভাড়া নিয়ে দীর্ঘদিন ব্যবসা চালিয়ে আসছে বলে জানান।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম স্টেশন কলোনির মিঠুন নামে এক ব্যক্তি ২ মাস আগে চাকরি নেন ফ্রেস ওয়াশ সেন্টারে। সেখানে থাকাবস্থায় তিনি মালিক বিষ্ণু পালকে ধোলাইয়ের কাজ এনে দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে আড়াই লাখ টাকা হাতিয়ে নেন। এরপর প্রতিষ্ঠানটির ঠিকানা ব্যবহার করে ‘এ আর কনস্ট্রাকশন’ নামে একটি প্রতিষ্ঠানের নামে জাল চুক্তিনামা তৈরি করেন। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্রও ভুয়া তৈরি করে রেলের দরপত্র কিনে আবেদন করেন।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ফ্রেশ ওয়াশ সেন্টারে কাজ নেওয়া মিঠুন মূলত ‘ভাই ভাই শালকর’ নামে একটি প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম স্টেশন কলোনির আইস ফ্যাক্টরি রোডের পুলিশ ব্যারাকের পেছনে রেলের জায়গা দখল করে গড়ে উঠেছে। এ আর কনস্ট্রাকশনের নামে কাজ নিলেও মূলত ধোলাই ও ইস্ত্রির করা হয় এই ভাই ভাই শালকরে।
শাহ আমানত ও জান্নাত ট্রেডিং নামে দুই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শহীদ ওরফে কানা শহীদ এ আর কনস্ট্রাকশনের নামে জাল কাগজ ব্যবহার করে কাজ হাতিয়ে নেন।
আরও জানা গেছে, ‘এ আর কনস্ট্রাকশন’ ফাতেমা বেগম নামে এক নারীর নামে নিবন্ধনকৃত। যা পাবনা থেকে রেজিস্ট্রেশন করা। তবে চট্টগ্রাম থেকে এটি শহীদ নিয়ন্ত্রণ করছেন।
রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মামুনুর রশীদ বলেন, আমি বিষয়টি তদন্ত করতে প্রধান বাণিজ্যিক
কর্মকর্তাকে আদেশ দিয়েছি।
রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স। কেউ অনিয়ম করলে ছাড় নেই। তদন্তের আদেশ দিয়েছি।
জেএস/ডিজে




