চট্টগ্রামে রেলের বেডিংয়ের টেন্ডারে জালিয়াতি, তদন্তকর্তা জেটিআই বদলি

রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামে ভুয়া কাগজপত্রে প্রথম শ্রেণির কোচের বেড-বেডিংয়ের ধোলাই কাজ নেওয়া প্রতিষ্ঠানের কারখানা খুঁজে পায়নি রেল কর্মকর্তারা। ৬৫ লাখ টাকার ওই দরপত্রকে ঘিরে নড়েচড়ে বসে রেলওয়ে। এ ঘটনায় দরপত্র চূড়ান্ত করার আগে মাঠপর্যায়ে তদন্ত করা কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর জুনিয়র পার্সোনেল অফিসার-২ (পূর্ব) মো. মহিউদ্দীন সোহেল স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ বদলি করা হয়।

ওই কর্মকর্তার নাম মো. এনামুল হক সিকদার। তিনি জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর (জেটিআই) (পোর্ট-চট্টগ্রাম) হিসেবে কর্মরত ছিলেন। এখন তাকে জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর (টি) হিসেবে লাকসামে বদলি করা হয়েছে। এনামুলের জায়গায় এসেছেন মো. মহিউদ্দিন পাটোয়ারী। তবে এনামুল চলতি দায়িত্বের বাইরে অতিরিক্ত হিসেবে পোর্ট-চট্টগ্রামেও দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, দরপত্রের ঘটনায় ৬২ লাখ ৪৯ হাজার টাকায় সর্বনিম্ন দরদাতা হয়েও ‘প্রসিদ্ধ মদিনা শালকর’ কাজটি পায়নি। ৬৫ লাখ টাকায় দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা হয়ে সেই কাজ পায় ‘এ আর কনস্ট্রাকশন’ নামে একটি প্রতিষ্ঠান। কিন্তু নিয়ম অনুযায়ী, যারা কাজ করবে, তাদের নিজস্ব কারখানা থাকতে হবে। কিন্তু ওই প্রতিষ্ঠান কারখানা তো ছিলই না, দরপত্রে যে ঠিকানা উল্লেখ করা হয় সেটিও ভুয়া ছিল।

পরে এ ঘটনায় মদিনা শালকরের পক্ষ থেকে রেলের মহাপরিচালক বরাবরে অভিযোগ দেওয়া হয়। অভিযোগ পেয়ে রেল কর্তৃপক্ষ আবারও ঠিকানা তদন্তে গেলে প্রতিষ্ঠানটির জালিয়াতি ধরা পড়ে। দরপত্র দেওয়ার আগে মাঠপর্যায়ে তদন্তের দায়িত্ব ছিল মো. এনামুল হক সিকদার।

অভিযোগ উঠেছে, সরেজমিন তদন্ত না করে এনামুলের ভুল রিপোর্ট দেন। একাজে আর্থিক লেনদেনও হয়।

তবে এই দরপত্র নিয়ে জালিয়াতির প্রমাণ পাওয়া গেলেও এখনও রেল কর্তৃপক্ষ পুনঃদরপত্রের ঘোষণা দেয়নি।

এ বিষয়ে জানতে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদকে একাধিক ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

দরপত্র নিয়ে ভুয়া কাগজে জালিয়াতির ঘটনায় চট্টগ্রাম প্রতিদিনে ‘রেলের ৬৫ লাখের ধোলাইয়ের কাজে জালিয়াতি, কাগজে-কলমে ঠিকাদারি প্রতিষ্ঠান বাস্তবে ‘ভুয়া’’ শিরোনামে প্রতিবেদনও প্রকাশিত হয়।

জেএস/ডিজে

ksrm