বাসটির সব যাত্রী নারী, সামনের সিটে বসা ড্রাইভারও নারী; এমনকি বাসের হেলপারও নারী। নারীদের প্রিয় ‘গোলাপি’ রং দিয়ে সাজানো বাসগুলোর মাধ্যমে চট্টগ্রামে চালু হলো নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে দুই বাস নিয়ে চালু হয়েছে ‘মহিলা বাস সার্ভিস’।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় নগরীর কালুরঘাট বেতারকেন্দ্র এলাকায় উদ্বোধন করা হয় বিশেষ এই পরিবহন সেবা। প্রাথমিক পর্যায়ে ৭৫ আসনের একটি দ্বিতল ও ৪৫ আসনের অপর একটি বাসের মাধ্যমে বাস সার্ভিসটি চালু হয়েছে। নগরীর কালুরঘাট বেতার কেন্দ্র এলাকা থেকে নগরীর ফ্রি পোর্ট হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। পথে ১২টি নির্ধারিত পয়েন্টে নারী যাত্রী ওঠানামা করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, ‘এটা আমাদের প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার। তিনি সেই অঙ্গীকার বাস্তবায়ন করছেন। এ বাসের চালক ও হেলপার সবাই নারী। চট্টগ্রামের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।’
প্রাথমিকভাবে দুটি বাস দিয়ে সার্ভিসটি শুরু হলেও যাত্রীদের চাহিদা ও কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে এর পরিধি বাড়ানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দ্বিতল বাসে একজন নারী চালক ও দুজন সহকারী থাকবেন। অপর বাসে একজন চালক ও একজন সহকারী থাকবেন।
জানা গেছে, কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের গণপরিবহনে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচলের সুযোগ তৈরি করাই এই বিশেষ বাস সার্ভিসের মূল উদ্দেশ্য। একইসঙ্গে বাসের চালক ও সহকারী হিসেবে নারীদের নিয়োগ দেওয়ায় পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলমসহ বিআরটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএস/ডিজে




