ফটিকছড়িতে ভোরের অভিযানে এক যুবকের ব্যাগ থেকে এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই যুবককে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ধুরুং জুবলী স্কুল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-৭।
আটক যুবকের নাম মো. ইসমাইল (৩৫)। তিনি উত্তর ধুরং এলাকার মৃত নুর হোসেনের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ইসমাইল পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক যুবক ও অস্ত্র ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএইচ/ডিজে




