চট্টগ্রামে পূবালী ব্যাংকের বস্তাভর্তি সাড়ে ৫০ লাখ টাকা লুটের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তা, গাড়িচালক ও নিরাপত্তারক্ষীসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৫ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী রেজাউল করিম জানান, রায়ে পূবালী ব্যাংক চট্টগ্রামের সিডিএ কর্পোরেট শাখার সাবেক গাড়িচালক বিজয় কুমার দাশকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও কারাদণ্ড ভোগ করতে হবে।
এছাড়া একই শাখার সাবেক জুনিয়র অফিসার (ক্যাশ) রাজিবুর রহমান, নিরাপত্তারক্ষী মো. আশিকুর রহমান, তানজুর রহমান ও মাজহারুল ইসলামকে ১০ বছর করে কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও ১০ বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি বিকেলে রাজিবুর রহমান চট্টগ্রাম নগরের শেখ মুজিব রোড শাখা থেকে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে তিন নিরাপত্তারক্ষীসহ সীতাকুণ্ড শাখায় যান। সেখান থেকে আরও ৮১ লাখ টাকা সংগ্রহের পর সিডিএ করপোরেট শাখার উদ্দেশে রওনা দেন।
পথে তিনি ফোন করে জানান, গাড়িতে থাকা একটি বস্তা পাওয়া যাচ্ছে না। যেখানে ছিল সাড়ে ৫০ লাখ টাকা।
ঘটনার পর সিডিএ করপোরেট শাখার সাবেক সহকারী মহাব্যবস্থাপক তৌফিকুর রহমান বাদি হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন। তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২২ সালের ১৬ মে অভিযোগ গঠনের পর সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
এএইচ/ডিজে




