চট্টগ্রামে বৃষ্টির তাণ্ডব, আকাশে ফ্লাইট ঘুরে ঢাকায়, সাগরে থেমেছে পণ্য খালাস

চট্টগ্রামে টানা অতি ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাবে বিমান ও সমুদ্রবন্দর দুই খাতের কার্যক্রমে বিঘ্ন দেখা দিয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে দুটি আন্তর্জাতিক ও একটি অভ্যন্তরীণ ফ্লাইট ঢাকায় ডাইভার্ট করা হয়েছে। একই সঙ্গে উত্তাল সাগরের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা ৪৩টি জাহাজ থেকে পণ্য খালাস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া প্রায় সব ফ্লাইট ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা দেরিতে চলাচল করছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল এবং চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

পতেঙ্গা আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৮৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তা অতি ভারী বৃষ্টি হিসেবে ধরা হয়। সেই হিসাবে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।

চট্টগ্রাম বিমানবন্দর সূত্র জানায়, অতি ভারী বৃষ্টিতে আবুধাবি থেকে চট্টগ্রামগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ এবং শারজাহ থেকে আসা এয়ার আরাবিয়ার জি-৯৫২৬ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় ডাইভার্ট করা হয়। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২১ ফ্লাইটও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে না পেরে আবার ঢাকায় ফিরে যায়।

ইব্রাহীম খলিল বলেন, চট্টগ্রাম থেকে নির্ধারিত সব ফ্লাইট ছেড়ে গেছে। তবে বৈরী আবহাওয়ার কারণে আগমন ও প্রস্থানের প্রায় সব ফ্লাইটই স্বাভাবিক সময়ের তুলনায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা বিলম্বিত হচ্ছে। দুপুর ২টার দিকে বিমানবন্দর এলাকায় ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে বাতাস বইছিল। ভারী বৃষ্টিতে রানওয়েতে পানি জমে যাওয়ায় সাময়িকভাবে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। বৃষ্টির তীব্রতা কমে এলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে (আউটার অ্যাঙ্করেজ) থাকা ৪৩টি বড় জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সাগর উত্তাল থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে পুনরায় খালাস কার্যক্রম শুরু হবে। বর্তমানে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে।

তবে বন্দরের জেটি ও অভ্যন্তরীণ টার্মিনালগুলোতে কনটেইনার হ্যান্ডলিং, ট্রাক, কাভার্ড ভ্যান ও লরিতে পণ্য পরিবহন এবং কাস্টমসের শুল্কায়ন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সিপি

ksrm