চট্টগ্রামে ১৫০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র করবে ভারতের রিলায়েন্স পাওয়ার

0

চট্টগ্রামে এক হাজার ৫০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চূড়ান্ত চুক্তির দিকে এগোতে চাইছে ভারতের প্রতিষ্ঠান রিলায়েন্স পাওয়ার। ১৭ সেপ্টেম্বর বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউসকে লেখা এক চিঠিতে চূড়ান্ত চুক্তি করার আহ্বান জানিয়েছে ভারতে বিদ্যুৎ খাতের শীর্ষস্থানীয় এই প্রতিষ্ঠানটি।

২০১৫ সালে রিলায়েন্স পাওয়ার ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য সমঝোতা স্মারক সই করেছিল ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সঙ্গে। ‘ফেইজ ওয়ান’-এর ওই চুক্তির ৪ বছর পর গত ১ সেপ্টেম্বর মেঘনাঘাটে এলএনজিভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চূড়ান্ত চুক্তি সম্পন্ন করা হয়। ৭১৫ মেগাওয়াট ক্ষমতার ওই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি সম্পাদনের পরদিনই রিলায়েন্স বিদ্যুৎ প্রকল্পটির ৪৯ শতাংশ শেয়ার জাপানের জিরার কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

মেঘনাঘাটে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চুক্তির পর চট্টগ্রামের কেন্দ্রটিকে ‘দ্বিতীয় ফেইজ’ হিসেবে উল্লেখ করেছে রিলায়েন্স পাওয়ার। প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস হেড (গ্যাস) সমীর কুমার গুপ্ত স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদ্যুতের ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণের বাংলাদেশের প্রয়োজন পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের। এর আগে রিলায়েন্সের পক্ষ থেকে তিন দফা এই প্রস্তাব দেওয়া হয়। ২০১৭ সালের ২৮ মে ও ১২ ডিসেম্বর এবং ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর। এই তিন প্রস্তাবকে সংশোধন করে তারা এবার প্রস্তাব পাঠিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

প্রস্তাবে রিলায়েন্স পাওয়ার জানিয়েছে, চট্টগ্রামে প্রস্তাবিত কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টটি হবে ২২ বছর মেয়াদি। গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হলে এই বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুতের দাম পড়বে প্রতি ইউনিট ২ দশমিক ১৪ সেন্ট। তবে গ্যাসের পরিবর্তে অন্য কোনও জ্বালানি নিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হলে জ্বালানি অনুযায়ী ওই দাম পরিবর্তিত হবে। পেট্রোবাংলার কাছ থেকে গ্যাস সরবরাহ নিয়ে কেন্দ্রটি চালানো হবে। এজন্য ৭৫ একর জমি এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। চুক্তির পর থেকে ৪২ মাসের মধ্যে কেন্দ্রটি উৎপাদনে আসবে বলে তারা নিশ্চয়তা দিচ্ছে। এ কেন্দ্রের পরবর্তী কাজের অগ্রগতির জন্য পিডিবিকে লেটার অব ইনটেন্ট (এলওই) ইস্যু করার অনুরোধ জানিয়েছে রিলায়েন্স।

সিপি

ksrm