চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৬ সিএনজি, দুই নারীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস টানেল সংযোগ চত্বরে একসঙ্গে ছয়টি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছে অন্তত ৩০ জন, এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার টানেল সংযোগ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বারখাইন ইউনিয়নের ঝিউরি এলাকার বাসিন্দা পলি দত্ত (৩০), তিনি দুই সন্তানের জননী। অপরজন একই এলাকার শিমুল শীলের স্ত্রী ইফা শীল (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, টানেল সড়ক থেকে বের হয়ে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চত্বরে অপেক্ষমাণ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাকে একের পর এক ধাক্কা দেয়। পরে বাসটি সড়কের পাশের আব্দুল মান্নানের চায়ের দোকানে গিয়ে আঘাত করে। এ সময় ছয়টি সিএনজি দুমড়েমুচড়ে যায় এবং চালক-যাত্রীসহ দোকানিও আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে আনার আগেই দুই নারীর মৃত্যু হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে অন্য আহতদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আহতদের চিকিৎসা চলছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এএইচ

ksrm