চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ছয় কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে।
শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঠানো ফলাফল প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
কলেজ ছয়টি হলো—বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, কাফকো স্কুল অ্যান্ড কলেজ, কোয়ান্টাম কসমো কলেজ, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং লিডার্স স্কুল অ্যান্ড কলেজ।
এর মধ্যে বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজে ১৩৪ জন, ফৌজদারহাট ক্যাডেট কলেজে ৪৪ জন, কোয়ান্টাম কসমো কলেজে ৬০ জন, কাফকো স্কুল অ্যান্ড কলেজ ১৭ জন, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ ৬জন এবং লির্ডাস স্কুল অ্যান্ড কলেজ ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এসব কলেজের সব শিক্ষার্থী পাস করেছে।
এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী । গতবছর পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ আর জিপিএ-৫ পেয়ে ছিল ৬ হাজার ৯৭ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এবারে ৯৬ হাজার ৩৩৫ জন পরীক্ষার্থীয় অংশগ্রহণ করেন। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৩ দশমিক ৪৯ শতাংশ। নগরীতে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ, জেলায় পাসের হার ৪৫ দশমিক ৫৯শতাংশ।
বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি ৭৪ দশমিক ৪২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৪ দশমিক ১৪ শতাংশ ও মানবিক বিভাগে পাসের হার ৩৮ দশমিক ৩৬ শতাংশ।
আরএ/ডিজে




