চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মিলিত প্রচেষ্টায় সম্প্রীতির বন্ধনে একটি সুন্দর শহর গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, দুর্গাপূজার সময়ে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চসিক কাজ করছে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম নগরের পাথরঘাটায় গীতা শিক্ষা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী রয়েল দাশ, সঞ্চালনা করেন দেবব্রত দে ও বাবলু চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেন, ‘এদেশের মানুষ সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। সব ধর্মের মানুষের ঐক্য এই দেশের বড় শক্তি। দেশকে সবার জন্য বাসযোগ্য রাখতে আমাদের দায়িত্বশীল হতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাইল বালি ও কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন।
হেলাল চৌধুরী বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িকতামুক্ত দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে নিজ নিজ উৎসব পালন করে। এটাই আমাদের ঐতিহ্য।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রবাল কৃষ্ণ দে, টিটু কুমার নাথ, গৌতম গুহ, খোকন দাশ, টিটু দে, সুজন দাশ, হিল্লোল দাশ, স্বপন তালুকদার, অমর মল্লিক, দিলীপ চৌধুরী, নিমাইলাল দাশ, দিলীপ দাশ, মৃদুল পালিত ও রাজন সেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।






