চট্টগ্রামে বকেয়া বেতন ও ওভার টাইমের দাবিতে গার্মেন্টসকর্মীদের বিক্ষোভ, অফিস ভাঙচুর

চট্টগ্রাম নগরে শ্রমিক দিবসের পরদিনই বকেয়া বেতন ও ওভার টাইমের টাকার দাবিতে সড়ক অবরোধ করেছে এটি গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধরা গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এতে ৪ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়লে ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে।

শনিবার (২ মে) সকাল ১০টা থেকে নগরীর কাপ্তাই রাস্তার মাথা সংলগ্ন আজিম গ্রুপের গার্মেন্টস শ্রমিকরা ২ মাসের বকেয়া বেতন ও ওভার টাইমের দাবিতে রাস্তা বন্ধ করে আন্দোলন করেন।

জানা গেছে, সকাল থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। প্রতিষ্ঠানের সামনের প্রধান সড়ক অবরোধ করেন তারা। এ সময় বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকা থেকে মোহরা কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত যানজট তৈরি হয়। রাস্তায় সব গাড়ি দাঁড়িয়ে আছে। প্রায় ৪ কিলোমিটার এলাকা গাড়ি চলাচল বন্ধ।

আরও জানা গেছে, শ্রমিকদের মালিক পক্ষ ২ মাসের বকেয়া বেতন এবং ৪ মাসের ওভার টাইম দেয়নি। আন্দোলনের এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা আজিম টাওয়ারের ভেতরে প্রবেশ করে একাধিক কক্ষ এবং আসবাবপত্র ভাঙচুর করেন।

খবর পেয়ে শিল্প পুলিশ চান্দগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

আরএ/ডিজে

ksrm