চট্টগ্রামে ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া নামের এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩ নম্বর ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পম্পী বড়ুয়ার (২৪) বাবার নাম ভাগ্যধন বড়ুয়া। তার গ্রামের বাড়ি রাউজানের কাঝরদীঘির পাড় এলাকায়। তিনি জুয়েল বড়ুয়ার স্ত্রী বলে জানা গেছে। জুয়েলের বাড়ি রাউজানের ইদিলপুর এলাকায়।

স্থানীয় ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরীর উদ্দেশে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় পম্পী ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস দুপুর আড়াইটার দিকে গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে। এ সময় এক নারী ট্রেনে কাটা পড়েছেন বলে জানতে পেরে রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

ঘটনাস্থলে নিহত নারীর সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের একটি ছাড়পত্র পাওয়া যায়। এতে তার নাম পম্পী বড়ুয়া এবং গ্রামের ঠিকানা রাউজান উল্লেখ রয়েছে। ছাড়পত্রটি গত ২০ জানুয়ারি ইস্যু করা হয়েছিল।

দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে পম্পী কীভাবে রেললাইনে এসেছিলেন কিংবা ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এএইচ

ksrm