চট্টগ্রামে প্রতিবন্ধী যুবককে সুস্থ করতে পিটিয়ে ঝাড়ফুঁক, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু

বাকপ্রতিবন্ধী ছেলেকে সুস্থ করার আশায় নিয়ে যাওয়া হয় কবিরাজের কাছে। এরপর চিকিৎসার নামে হাত-পা বেঁধে তাকে বেত ও লাঠি দিয়ে পেটানো হয়। এভাবে মারধরের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ নামে ওই যুবকের।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টায় কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডাঙ্গারচর এবাদুল্লাহর বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ (১৮) ওই এলাকার নুর মোহাম্মদ চৌকিদারের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা নুর মোহাম্মদ ও কবিরাজ আব্দুর নূরকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ বাক প্রতিবন্ধী ছিলেন। তাকে সুস্থ করতে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। এরপর তাকে নেওয়া হয় কবিরাজের কাছে।

কবিরাজের পরামর্শে মঙ্গলবার বিকেলে তাকে ঘরের ভেতর হাত-পা বেঁধে বেত ও লাঠি দিয়ে পিটিয়ে ঝাড়ফুঁক করা হচ্ছিল। একপর্যায়ে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, প্রতিবন্ধী যুবককে সুস্থ করার আশায় কবিরাজের কাছে নেওয়া হয়। সেখানে কবিরাজের পরামর্শে ওই যুবকের হাত-পা বেঁধে আঘাত করে ঝাড়ফুঁক করা হয়। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা ও কবিরাজকে মঙ্গলবার রাতে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ডিজে

ksrm