চট্টগ্রামের লোহাগাড়া থানায় কর্মরত আজিজুল হক নামের পুলিশের এক কর্মকর্তার মরদেহ কোয়ার্টার থেকে উদ্ধার করা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, রাতে কোনো একসময় স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো. আজিজুল হক (৫০), লোহাগাড়া থানায় উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকায়। তিনি মৃত আনোয়ারুল হকের ছেলে।
জানা গেছে , মো. আজিজুল হকের ৩২ বছরের চাকরিজীবনে তার দুই স্ত্রী, প্রথম সংসারের এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারের এক ছেলে সন্তান রয়েছে।
নিহতের স্ত্রী জেসমিন বেগম জানান, তাকে পুলিশ হেডকোয়ার্টার থেকে জানানো হয়েছে আজিজুল হকের মৃত্যু হয়েছে। গত চার দিন ধরে সে বুকে ব্যথা, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিল।
শুক্রবার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করতে লোহাগাড়ায় আসেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। ওই সময় এসআই আজিজুল হক সারাদিন ডিউটিরত ছিলেন। প্রতিদিনের মতো ডিউটি শেষে কোয়ার্টারে রাতে ঘুমিয়ে পড়েন।
সকাল সাড়ে ১১টায় থানার সহকর্মীরা তাকে ফোনে না পেয়ে এসআই কোয়ার্টারের রুমে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ জানান, লোহাগাড়া থানায় কর্মরত এসআই আজিজুল হক স্ট্রোক করে মারা গেছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে জানিয়েছেন, এটি স্বাভাবিক মৃত্যু। আমরা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছি। তার পরিবারের সদস্যরা আসছেন। এখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ পুলিশ লাইনে নেওয়া হবে।
ডিজে




