চট্টগ্রামের মীরসরাইয়ে সিলেটগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বড়তাকিয়া ও চিনকি আস্তানা এলাকার মধ্যবর্তী একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি বড়তাকিয়া ও চিনকি আস্তানার মাঝামাঝি একটি অরক্ষিত লেভেল ক্রসিং অতিক্রম করার সময় রেললাইনে উঠে পড়া একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি রেললাইনের ওপর কাত হয়ে পড়ে যায়।
তবে ট্রেন ও ট্রাকের গতি কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পরপরই রেললাইনের ওপর থেকে ট্রাকটি সরিয়ে নিতে উদ্ধারকাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ।
সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ঢাকামুখী আপলাইন পরিষ্কার করা হলে পাহাড়িকা এক্সপ্রেস পুনরায় সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করে। এ সময় ডাউন লাইন বন্ধ থাকায় চট্টগ্রামমুখী ‘বিজয় এক্সপ্রেস’ চিনকি আস্তানা স্টেশনে এবং ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ফেনী স্টেশনে আটকা পড়ে।
পরে রেলকর্মীরা ঘটনাস্থলে কাজ করে উভয় লাইন থেকে প্রতিবন্ধকতা সরিয়ে ফেললে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, ট্রাকের সঙ্গে সংঘর্ষের কারণে সাময়িকভাবে রেল চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত উদ্ধারকাজ পরিচালনার মাধ্যমে প্রায় দুই ঘণ্টার মধ্যে আপলাইন সচল করা হয়। বর্তমানে দুই দিকেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, সংঘর্ষের পর বালুবাহী ট্রাকটি রেললাইনের ওপর কাত হয়ে পড়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এএইচ/ডিজে




