চট্টগ্রামে পাঁচ তারকা হোটেলের মেলা ঘিরে সড়ক বন্ধ করে দিল পুলিশ, মানুষের ভোগান্তি

চট্টগ্রাম নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে ঈদের পোশাকের মেলা ঘিরে কাজীর দেউড়ি থেকে লালখান বাজার ইস্পাহানিমুখী সড়ক আংশিক বন্ধ করে দিয়েছে পুলিশ। এতে আগ্রাবাদমুখী শত শত যানবাহনকে ঘুরপথে ওয়াসা মোড় হয়ে যেতে হচ্ছে।

চট্টগ্রামে পাঁচ তারকা হোটেলের মেলা ঘিরে সড়ক বন্ধ করে দিল পুলিশ, মানুষের ভোগান্তি 1

শনিবার (৭ মার্চ) বিকেল থেকে এভাবে হঠাৎ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী ও চালকদের মধ্যে বাক্‌বিতণ্ডার ঘটনাও ঘটছে।

নগরীর রেডিসন হোটেলে ‘গ্র্যান্ড ঈদ এক্সিবিশন’ নামে তিন দিনব্যাপী একটি কাপড়ের মেলা আয়োজন করেছে এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনস নামের একটি প্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মেলাকে ঘিরেই সড়কটিতে যান চলাচল আংশিক সীমিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সড়ক বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে কাজীর দেউড়ি এলাকার ট্রাফিক ইনস্পেক্টর বিপুল বলেন, রেডিসনে মহিলাদের কাপড়চোপড়ের একটি বড় মেলা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই সড়কে আংশিক ব্লক রাখা হয়েছে।

সড়ক আংশিক বন্ধ থাকায় আগ্রাবাদমুখী শত শত যানবাহনকে ওয়াসা মোড় হয়ে ঘুরে যেতে হচ্ছে। এতে যাত্রীদের সঙ্গে অনেক ক্ষেত্রে গাড়িচালকদের বাক্‌বিতণ্ডা দেখা দিচ্ছে।

ভোগান্তিতে সবচেয়ে বেশি পড়েছেন রিকশার যাত্রীরা। অতিরিক্ত পথ ঘুরে যেতে হওয়ায় অনেক রিকশাচালক বাড়তি ভাড়া দাবি করছেন। ফলে অনেক যাত্রী মাঝপথে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার পথ বেছে নিচ্ছেন।

এই তিন দিনব্যাপী ‘গ্র্যান্ড ঈদ এক্সিবিশন’-এর আয়োজক এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাঞ্জুমা মোরশেদ। তিনি চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির পুনর্গঠিত কমিটির একজন সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ksrm