চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন শাহিদ হোসেন নামে এক ব্যক্তি। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলে জানা গেছে।
শনিবার (২২ আগস্ট) সকালে ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকার ইমাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবারসূত্রে জানা গেছে, তিনি আগে ব্যাংকটির চট্টগ্রামের একটি শাখায় কর্মরত ছিলেন। কিন্তু তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বদলি করা হলে পরে তিনি চাকরি ছেড়ে দেন। এরপর থেকে তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েন।
নিহতের স্ত্রী শারমিন আক্তার জানান, তার স্বামী মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল, তবে উন্মাদ ছিল না। আর কেনই-বা তিনি আত্মহত্যা করেছেন তাও বুঝতে পারছেন না।
আত্মহত্যায় ব্যবহৃত পিস্তলটি বৈধ নাকি অবৈধ তাও জানেন না বলে জানান শারমিন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বলেন, সকাল ৮টার দিকে মাথায় গুলি করা এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে ২৮ নম্বর ওর্য়াডে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
পিস্তলটির বিবরণ জানতে ডবলমুরিং থানার ওসি শাহীনুর আলমকে ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।
বিএস/ডিজে




