চট্টগ্রামে থানা থেকে লুট করা পিস্তল ৫০ হাজারে বিক্রি, খুলশী থেকে উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থেকে থানার লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এক যুবককে আটকের পর তার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। পিস্তলটি ৫০ হাজার টাকায় আরেক ব্যক্তির কাছে বিক্রি করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাতে নগরীর খুলশী থানার মতিঝর্ণা এলাকা থেকে মিনহাজ উদ্দিন (২১) নামে এক যুবককে আটক করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তার তথ্যের ভিত্তিতে লালখানবাজারের তুলাপুকুর পাড়ের একটি বাসা থেকে নাইন এমএম বোরের তরাশ পিস্তলটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর ওই বাসার আমির হোসেন (৩৬) নামে এক ব্যক্তি পলাতক আছেন।

ডিবি জানায়, পিস্তলটি থানা থেকে লুট করা। এটি মিনহাজ ৫০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেন আমির হোসেনের কাছে। এটি ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানা থেকে লুট করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাহবুব আলম খান জানান, সোমবার গভীর রাতে মতিঝর্ণা এলাকা থেকে মিনহাজকে আটক করা হয়। এরপর তাকে নিয়ে অভিযানে গেলে তুলাপুকুর পাড় এলাকা থেকে আমির হোসেন নামে এক ব্যক্তির বাসা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। আমির হোসেন পলাতক রয়েছে। এ ঘটনায় মিনহাজ ও আমির হোসেনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

কেন্দ্রীয় অস্ত্রাগারের হিসাবে ছয়টি থানার বিভিন্ন ধরনের মোট ৮১৫টি অস্ত্র লুট হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে কিছু অস্ত্র বিভিন্ন ব্যক্তি এসে ফেরত দিয়ে গেলেও এখনও অনেক অস্ত্র উদ্ধার হয়নি।

ডিজে

ksrm