চট্টগ্রামে তিন গুদামে মিললো অবৈধ মজুদ সাড়ে ২২ হাজার লিটার ভোজ্যতেল

রাতের অভিযানে চট্টগ্রাম নগরীর তিন গুদাম থেকে মজুদ করা ২২ হাজার ৬৪২ লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়েছে। কৃত্রিম সংকট তৈরি করে বেশি বিক্রির জন্য এসব তেল মজুদ করা হয়েছিল। একইসঙ্গে অনুমোদনহীন বিএসটিআই লেভেল ব্যবহার করে বাজারজাত করে আসছিল।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০টায় বায়েজিদ বোস্তামী থানার গুলবাগ আবাসিক এলাকার একটি গুদামে অভিযান চালায় র্যাব-৭ এর একটি দল। সেখান থেকে এক হাজার ৪২ লিটার ভোজ্য সয়াবিন তেল জব্দ করা হয়।

রাত দেড়টার দিকে নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় আরেক অভিযানে দুটি গুদাম থেকে ২১ হাজার ৬০০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়।

জানা গেছে, বায়োজিদ এলাকার গুলবাগ আবাসিক এলাকায় ‘আমানত প্যাকেজিং অ্যান্ড মার্কেটিং’ ১০৪২ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়। একইসঙ্গে প্রায় ১০ হাজার পিস মোড়ক এবং খালি বোতলও জব্দ করা হয়। বিএসটিআইয়ের সিএম সনদ ছাড়া ফর্টিফায়েড সয়াবিন তেল বোতলজাত ও বাজারজাত করছিল প্রতিষ্ঠানটি। পণ্যের মোড়কে অবৈধভাবে মানচিহ্নও ব্যবহার করছিল তারা।

পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর গেট এলাকায় ‘মাবিয়া স্টোরে’ সরকারি লাইসেন্স ছাড়া প্রায় ৫০ ড্রাম ফর্টিফায়েড সয়াবিন তেল মজুদ রাখা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ওই প্রতিষ্ঠানকে। একই এলাকার ‘খাজা স্টোরে’ নামে একটি প্রতিষ্ঠানের লাইসেন্স থাকলেও অস্বাস্থ্যকর পরিবেশে তেল সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

র্যাব-৭ এর সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

টিএ/ডিজে

ksrm