চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে জাফর আহমেদ নামের এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ৫ জনের মৃত্যু হয়েছে। যাদের তিনজন পুরুষ ও দু’জন নারী।
সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
জাফর আহমেদ (৫০) পাহাড়তলী এলাকার জালাল আহমেদ কন্ট্রাক্টর বাড়ির বাসিন্দা ছিলেন। তিনি নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন এবং ২৮ আগস্ট সেখানেই মারা যান। মৃত্যুর কারণে হিসেবে এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম ও মাল্টি অর্গান ফেলিওরের কথা উল্লেখ করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় উপজেলায় কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি। তবে এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩২জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৭ জন, জেনারেল হাসপাতালে ৮ জন, চট্টগ্রাম মেরিন হাসপাতালে (সিএমএইচ) ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
চলতি বছরে আগস্ট পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৩৬ জন। এর মধ্যে নগরীর ৮৮৬ জন ও জেলায় ৮৭২ জন এবং চট্টগ্রামের বাইরে থেকে আসা রোগী ২৭৮ জন। শুধুমাত্র আগস্ট মাসেই আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৮৫ জন।
সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তিকৃত রোগীর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছে ১৫১ জন।
আরএ/ডিজে




