চট্টগ্রামে ডেঙ্গুতে শিশুর মৃত্যুর ৫ দিন পর জানালো সিভিল সার্জন কার্যালয়

আক্রান্তের হিসাব নিয়েও প্রশ্ন

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির সরকারি তথ্য প্রকাশ নিয়ে প্রশ্ন উঠেছে। ডেঙ্গুতে আক্রান্ত এক শিশুর মৃত্যুর পাঁচ দিন পর সেই তথ্য প্রকাশ করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। তথ্য সংগ্রহ ও যাচাইয়ের জন্য তিনজন কর্মকর্তা দায়িত্বে থাকলেও ‘তথ্য রিভিউ’র কথা বলে মৃত্যুর তথ্য প্রকাশে বিলম্ব করা হয়েছে। একই সঙ্গে প্রতিদিনের আক্রান্ত রোগীর তথ্যও পুরোপুরি সঠিক নয় বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়, রাঙামাটি সদরের বাসিন্দা আবু নাইমের সাত মাস বয়সী ছেলে আদনান গত ১৭ জুন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে গত ২৭ জুন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে মৃত্যুর পাঁচ দিন পর বৃহস্পতিবার (২ জুলাই) এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটেছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে নতুন করে ১০ জন আক্রান্ত হয়েছেন।

বর্তমানে নগরীর সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, জেনারেল হাসপাতালে পাঁচজন, সিএমএইচে পাঁচজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে তিনজন চিকিৎসা নিচ্ছেন।

ডেঙ্গুতে মৃত্যুর তথ্য প্রকাশে বিলম্বের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমি মিটিংয়ে আছি। এ বিষয় নিয়ে পরে কথা বলব।’

তবে নাম প্রকাশ না করার শর্তে সিভিল সার্জন কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আসলে মেডিকেল ও হাসপাতাল ক্লিনিক থেকে দেরীতে তথ্য পাঠায়। এছাড়া আমাদের তথ্য রিভিউরও একটা বিষয় থাকে। তাই অনেকসময় সময়মতো তথ্য সরবরাহ করা যায় না।’

আইএমই/ডিজে

ksrm