চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, সীতাকুণ্ডে আক্রান্ত হাজার ছাড়াল
মৃত ৩৯ জনের ৩২ জনই নারী ও শিশু
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জন। এদের মধ্যে নারী ও শিশু বেশি। এর মধ্যে নতুন করে ৮৪ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়া উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ডে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, মৃত তিনজনের মধ্যে দু’জন নারী ও একজন শিশু। চলতি বছরে মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ২১ জন নারী, ১১ জন শিশু ও ৭ জন পুরুষ।
নতুন করে আক্রান্ত ৮৪ জনের মধ্যে মধ্যে সরকারি হাসপাতালে ৬২ জন এবং বেসরকারি হাসপাতালে ২২ জন চিকিৎসা নিচ্ছেন। নতুন শনাক্তসহ চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪০৬ জন।
বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত মোট ৭ হাজার ১৮২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর সরকারি হাসপাতালে ৫ হাজার ৯১৮ জন এবং বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪৮৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ডে আক্রান্তের সংখ্যা হাজার পার করেছে। তবে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দারা। মহানগরে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫৫৬ জন, আর উপজেলায় ৩ হাজার ৮১ জন। অন্যান্য জেলা থেকে এসেছে ৭৬৯ জন রোগী।
সীতাকুণ্ডে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এরপর রয়েছে কর্ণফুলী ৩৪৩ জন, বাঁশখালী ২৫২ জন, রাঙ্গুনিয়া ১৯৯ জন এবং আনোয়ারায় ১৭৩ জন।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ডেঙ্গুর সংক্রমণ ছিল সবচেয়ে বেশি। সেপ্টেম্বরে আক্রান্ত হন ২ হাজার ৪৩০ জন এবং অক্টোবরে ২ হাজার ৬০৮ জন। এই দুই মাসে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৮ জন। একই সময়ে সেপ্টেম্বর মাসে ১৬ জন এবং অক্টোবরে ১৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের মোট ৩৯টি মৃত্যুর মধ্যে মহানগর এলাকায় ১২ জন, বিভিন্ন উপজেলায় ১৮ জন এবং অন্যান্য জেলা থেকে আসা রোগীদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।
লিঙ্গ ও বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ডেঙ্গুতে মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ২১ জন নারী, ১১ জন শিশু এবং ৭ জন পুরুষ।
আইএমই/ডিজে




