চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত নূরজাহান বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তার ‘মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম’ ছিল বলে জানিয়েছে ডাক্তাররা।
সোমবার (২৬ জুলাই) নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৬০ বছর বয়সী নূরজাহান বেগম পাঁচলাইশের বাসিন্দা ছিলেন। তিনি তিনদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন।
এ নিয়ে চলতি জুলাইয়ে ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। চলতি বছরে এ সংখ্যা দাঁড়িয়েছে ৩ জন।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৭ জন। চলতি জুলাই মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৭ জন। গত বছর জুলাইয়ে মোট আক্রান্ত ছিল ৪৩০ জন।
এদিকে প্রতিদিনই চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। নগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৯৯ জন। চট্টগ্রাম মেডিকেলে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন। মেডিকেলের ৩টি মেডিসিন ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ৪৭ জন।
ডাক্তাররা বলছেন, এ বছর ডেঙ্গুর ধরনে পরিবর্তন এসেছে। রোগী জ্বরে আক্রান্ত হওয়ার পরপরই শক সিনড্রোমে চলে যাচ্ছে। অনেক রোগী শুরুতেই অ্যান্টিবায়েটিক সেবন করে ডেঙ্গুকে জটিল করে ফেলছে। তাই চিকিৎসকরা জ্বরের শুরুতেই ডেঙ্গু পরীক্ষা এনএস১ করার পরামর্শ দিচ্ছেন।
ডেঙ্গু ও উচ্চরক্তচাপজনিত (HTN) জটিলতার কারণে ‘মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম’ (MODS) দেখা দেওয়ায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ডাক্তাররা।
এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৫ জন। এর মধ্যে নারী ১৯১ জন, পুরুষ ৪৩৯ জন এবং শিশু ১২৫ জন। তবে জুলাই মাসেই আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে।
এর আগে গত ১২ জুলাই ডেঙ্গুতে মরিয়ম বেগম (৩১) নামে এক নারীর মৃত্যু হয়।
আইএমই/ডিজে




